২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসপাতালে শিশু রেখে উধাও

জামার ভেতর চিঠি লিখে রেখে আড়াই বছরের একটি মেয়েকে হাসপাতালে রেখে চলে গেছে অজ্ঞাত দুই ব্যক্তি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2010, 06:41 PM

Updated : 25 Aug 2022, 07:28 PM

ঢাকা, ২৫ অক্টোবর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জামার ভেতর চিঠি লিখে রেখে আড়াই বছরের একটি মেয়েকে হাসপাতালে রেখে চলে গেছে অজ্ঞাত দুই ব্যক্তি। সোমবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে। শিশুটিকে হাসপাতাল কর্তৃপক্ষের ত্বত্তাবধানে ১১ নম্বর ওয়ার্ডের ১৩ নম্বর বিছানায় রাখা হয়েছে। সে 'সেরিব্রাল পালসি' রোগে আক্রান্ত বলে হাপাতালের ডা. খন্দকার তরিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। তিনি বলেন, বিষয়টি পুলিশ এবং হাসপাতালের পরিচালককে জানানো হয়। পরে পরিচালকের নির্দেশে তাকে শিশু ওয়ার্ডে রাখা হয়। তিনি আরো বলেন, জন্মের সময় কোনো শিশু মাথায় আঘাত পেলে সাধারণত এ ধরনের রোগে আক্রান্ত হয়। এ ধরনের রোগীরা মানসিক প্রতিবন্ধী হয়ে থাকে। দুপুর আড়াইটার দিকে দু'জন লোক শিশুটিকে ২ নম্বর ওয়ার্ডের এক্সট্রা ৯ নম্বর বিছানায় চিকিৎসাধীন এক রোগীর আত্মীয়া প্রভারাণীর কোলে দিয়ে বলে, 'একটু দেখেন, আসছি'। একথা বলে দ্রুত চলে যায় তারা। আর ফেরেনি। প্রভারাণী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করে ওই দুই ব্যক্তি না আসায় তিনি বিষয়টি দায়িত্বরত নার্সকে জানান। শিশুটিকে দেখার সময় জামার ভেতরে ওই নার্স একটি চিঠি পান। তাতে লেখা আছে- একটি অসহায় মেয়ের কিছু কথা: শ্রদ্ধেয়, সবার কাছে আমার আকুল আবেদন। এই মেয়েটি জন্মের পর ৭/৮ মাস ভাল ছিল। তারপর তার জ্বর হয়। অনেক চিকিৎসা করেও ভাল হলো না। যদি আপনারা দয়াবান হোন তাকে আপনাদের সন্তান মনে করে একটু ভাল চিকিৎসা করবেন। তার মা জন্মের সময় মারা যান। তাকে লালন পালন করা তার বাবার পক্ষে মোটেই সম্ভব নয়। আপনারা যদি ওর ভাল চিকিৎসা বা দেখাশোনার দায়িত্ব নেন তাহলে আল্লার কাছে ভাল থাকবেন। ইতি- তার বাবা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএইচ/ডিডি/০০২৯ ঘ.