মাগুরা, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - শরীরে দগদগে ক্ষত নিয়ে মাগুরার হাসপাতালে যন্ত্রণায় কাতরাচ্ছেন এক গৃহবধূ।
সোমবার সদর হাসপাতালের গাইনি বিভাগে গিয়ে দেখা যায় এই দৃশ্য।
চিকিৎসাধীন শিমু বেগম (২২) সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, তার স্বামী রুহুল আমিন (৩০) যৌতুকের জন্য শুক্রবার ঢাকার বাসায় তাকে বেদম মারধর ও নির্যাতন করেন।
এক পর্যায়ে বটি গরম করে তার শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দিয়ে তাকে ঘরে আটকে রাখেন।
তিনি ওইদিন রাতেই পালিয়ে মাগুরার শ্রীপুর উপজেলার বরালিদহ গ্রামে বাবার বাড়ি চলে আসেন।
শনিবার তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
শিমু জানান, দেড় বছর আগে পিরোজপুরের নাজিরপুর থানার মামুদকান্দা গ্রামের কামাল শেখের ছেলে রুহুল আমিনের সঙ্গে তার বিয়ে হয়। ঢাকায় একটি মোবাইল ফোন কোম্পানিতে কর্মরত রুহুল আমিন আট মাস আগে তাকে ঢাকায় নিয়ে যান। তাদের বাসা রাজধানীর উত্তরায়।
এরপর থেকে রুহুল আমিন দেড় লাখ টাকা এনে দেওয়ার জন্য শিমুর ওপর চাপ দিতে থাকেন। এর জন্য তাকে মারধর, সিগারেটের আগুন ও গ্যাসের চুলায় চামচ গরম করে শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দিয়ে ক্ষত বিক্ষত করেন। বাজার না করে প্রায়ই তাকে না খাইয়ে রাখতেন।
মদপানসহ নানা ধরনের নেশা করে তাকে মারধর করে বিবস্ত্র অবস্থায় ঘর থেকে বের করে দিতেন রুহুল আমিন।
শিমু জানান, শুক্রবার সকালে নেশাগ্রস্ত অবস্থায় স্বামী তাকে বাবার বাড়ি থেকে টাকা এনে দেওয়ার জন্য চাপ দেয়। এক পর্যায়ে মারধর করে গলায় দড়ি বেধে ফ্যানের সঙ্গে ঝুলিয়ে মেরে ফেলার চেষ্টা করে। চিৎকার শুনে প্রতিবেশিরা তাকে উদ্ধার করে।
কিন্তু কিছুক্ষণ পর আবার শুরু হয় তার ওপর নির্যাতন। গ্যাসের চুলায় বটি গরম করে পিঠ, হাত-পা, মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ছ্যাঁকা দেয়।
তিনি বলেন, "আমি এই নির্যাতনের বিচার চাই।"
শিমুর বাবা মহসিন জোয়ারদার বলেন, আগের বিয়ে ও নিজের ঠিকানা গোপন করে রুহুল তার মেয়েকে বিয়ে করেন। জানতে পেরে মেয়ে রুহুলের হাতে তুলে দিতে তিনি অস্বীকৃতি জানিয়েছিলেন। তার অনুপস্থিতিতেই শিমুকে ঢাকায় নিয়ে যাওয়া হয় বলে তিনি দাবি করে।
তিনি বলেন, বিয়ের পর তিনি মেয়ে জামাইকে ৫০ হাজার টাকা দিয়েছেন। পরে আরো দেড় লাখ টাকা দেওয়ার জন্য মেয়েকে নির্যাতন করতেন রুহুল।
মহসিন জানান, এ ঘটনায় তিনি মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।
এসব অভিযোগ অস্বীকার করেছেন শিমুর স্বামী রুহুল আমিন।
মোবাইল ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "আমি ঢাকার বাইরে ছিলাম। বাসায় ফিরে দেখি শিমু কিছু না বলে বাবার বাড়ি চলে গেছে। আমি যাওয়ার সময় সে সম্পূর্ণ সুস্থ্য ছিলো।"
মাগুরা সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (সার্জারি) ডা. নিতাই পদ বিশ্বাস বলেন, তার (শিমু) পিঠের ডান দিকে বেশ বড় একটি ক্ষত আছে। এটি দেখতে ফোসকা পড়ার মতো। গরম কোনো বস্তুর মাধ্যমেই এ রকম হয়।
এছাড়া তার শরীরের বিভিন্ন স্থানে আরো যেসব ক্ষতচিহ্ন দেখা গেছে সেটা সিগারেটের ছ্যাঁকা কিনা সুনির্দিষ্টভাবে বলা যাচ্ছে না। তবে এগুলো যে ক্ষতচিহ্ন তা বেশ বোঝা যাচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২১১০ ঘ.
bdnews24