২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় কমিটির লং মার্চ সিরাজগঞ্জে

জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাসহ সাত দফা দাবিতে দিনাজপুরের ফুলবাড়ী অভিমুখে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির লং মার্চ সিরাজগঞ্জ পৌঁছেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2010, 03:00 PM

Updated : 25 Aug 2022, 07:28 PM

সিরাজগঞ্জ, অক্টোবর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করাসহ সাত দফা দাবিতে দিনাজপুরের ফুলবাড়ী অভিমুখে তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির লং মার্চ সিরাজগঞ্জ পৌঁছেছে। সোমবার সন্ধ্যায় লং মার্চ সিরাজগঞ্জ পৌঁছায়। এরপর বাজার স্টেশন স্বাধীনতা স্কয়ারে সমাবেশ করে তারা। এর আগে দুপুরে টাঙ্গাইল পৌঁছে শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশ করে। আগের দিন দুপুরে রাজধানীর মুক্তাঙ্গন থেকে লং মার্চ শুরু হয়। ওইদিন সন্ধ্যায় গাজীপুরে পৌঁছে সেখানে সমাবেশ করে লং মার্চকারীরা। জাতীয় কমিটির সিরাজগঞ্জ আহবায়ক ইসমাইল হোসেনের সভাপতিত্বে আয়োজিত সমাবেশে কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ বলেন, এই আন্দোলনে বিজয়ী হবার ওপর বাংলাদেশের ভবিষ্যত নির্ভর করে। পরবর্তী প্রজন্মের জন্য এ দেশকে সুন্দর, বাসযোগ্য করতে এ আন্দোলন চলছে। এ থেকে পিছু হটার কোন সুযোগ নেই। কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, দেশের মানুষকে দরিদ্র, বঞ্চিত রেখে যারা দেশের সম্পদ বিদেশীদের হাতে তুলে দিতে সক্রিয় থাকে, যারা বাংলাদেশের ওপর সামাজ্যবাদ ও লুটেরাদের আধিপত্য প্রতিষ্ঠা করে, তারা মুক্তিযুদ্ধের চেতনার প্রতিপক্ষ। সমাবেশে আরো বক্তব্য রাখেন, ওয়ার্কাস পার্টির পলিটব্যুরোর সদস্য বিমল বিশ্বাস, বাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মঞ্জুরুল আহসান খান প্রমুখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪৪ ঘ.