ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবহন ফি বাড়ানোর অভিযোগ এনে এর প্রতিবাদে রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারীরা বিক্ষোভ মিছিল ও উপাচার্যের কার্যালয় ঘেরাও করে।
তৃতীয় শ্রেণী কর্মচারী সমিতির সভাপতি আমিরুল ইসলাম জানান, গত ১৩ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় কর্মচারীদের পরিবহন ফি বাড়ানোর সিদ্ধান্ত হয়।
তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জ্যেষ্ঠ পরিবহন ব্যবস্থাপক মো. আজিজুল হক কর্মচারীদের এ অভিযোগ সঠিক নয় দাবি করে বলেছেন, পরিবহন ফি বাড়েনি বরং কমেছে।
তিনি বলেন, "সর্বোচ্চ ফি এক হাজার ৭৫০ টাকা থেকে কমে এক হাজার টাকা ও সর্বনিম্ন ফি তিনশ টাকা থেকে কমে আড়াইশ টাকা করা হয়েছে।"
তবে কিলোমিটার প্রতি ৩৫ পয়সা থেকে এক টাকা হওয়ায় সর্বোচ্চ ও সর্বনিম্ন দূরত্বের আরোহীদের ফি কিছুটা বেড়েছে বলে জানান তিনি।
বেলা ১১টার দিকে কর্মচারীরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে উপাচার্যের কার্যালয় ঘেরাও করে। পরে উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক এ বিষয়টি সমাধানের আশ্বাস দিলে তারা শান্ত হয়।
উপাচার্য বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সমিতির নেতৃবৃন্দের সঙ্গে আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধান করা হবে।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এইচএ/১৭৫৭ ঘ.
bdnews24