২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরদলের ওপর কিশোরদের হামলা, আহত ৩

রাজধানীর মিরপুরে একদল কিশোরের ওপর হামলা চালিয়েছে অপর একদল কিশোর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2010, 10:43 AM

Updated : 25 Aug 2022, 07:28 PM

ঢাকা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মিরপুরে একদল কিশোরের ওপর হামলা চালিয়েছে অপর একদল কিশোর। হামলাকারীরা প্রতিপক্ষের কিশোরদেরকে প্রহার করে। হামলাকারীদের মধ্যে অস্ত্রধারী এক কিশোর এ সময় গুলি চালায়। হামলায় তিনজন আহত হয়েছে। এদের মধ্যে একজনের অবস্থা আংশকাজনক। মিরপুর জোনের উপপুলিশ কমিশনার ইমতিয়াজ আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার বেলা ৩টার দিকে ১৩/১৪ বছর বয়সের কয়েকজন কিশোর মিরপুর ২ নম্বর সেকশনের বিসমিল্লাহ গার্মেন্টস সংলগ্ন লাল বিল্ডিং মাঠে ক্রিকেট খেলছিল। এসময় সমবয়সী কয়েকজন কিশোর ক্রিকেট খেলার সরঞ্জাম নিয়ে ওই মাঠে যায়। তাদের একজনের হাতে অস্ত্র ছিল। তারা মাঠে ঢুকেই খেলারত কিশোরদের ওপর হামলা চালায়। ইমতিয়াজ আহমেদ জানান, আগত কিশোররা সঙ্গে আনা ক্রিকেট ব্যাট ও স্ট্যাম্প দিয়ে খেলারত কিশোরদের বেধড়ক প্রহার করে। অস্ত্রধারী কিশোরটি কয়েক রাউন্ড গুলিবর্ষণ করে। তিনি আরো জানান, এই ঘটনায় সোহেল, আসিফ ও সুজন নামের তিন কিশোর আহত হয়েছে। এদের মধ্যে সোহেলের অবস্থা আংশকাজনক। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়েছে। ইমতিয়াজ আহমেদ বলেন, "ক্রিকেট খেলা নিয়ে এই ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হামলাকারিদের ইতিমধ্যে চিহ্নিত করা হয়েছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেএমএস/১৬৪৩ ঘ.