২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরায় বিডিআর আদালতের কার্যক্রম ৬ ফেব্রুয়ারি

সাতক্ষীরা বিডিআর সদর দপ্তরে বিশেষ আদালত-১২ এ রোববার দ্বিতীয় দিনের মত বিদ্রোহের বিচার কার্যক্রম শুরু হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2010, 08:13 AM

Updated : 25 Aug 2022, 07:28 PM

সাতক্ষীরা, অক্টোবর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরা বিডিআর সদর দপ্তরে বিশেষ আদালত-১২ এ রোববার দ্বিতীয় দিনের মত বিদ্রোহের বিচার কার্যক্রম শুরু হয়। আদালতে সকল আসামির উপস্থিতিতে তাদের বিরুদ্ধে অভিযোগ পরে শোনান মামলার বাদি সুবেদার মেজর মো. আব্দুস সাত্তার মিয়া। ২০১১ সালের ৬ ফেব্র"য়ারি সকাল ১০ টায় পুনরায় বিচার কার্যক্রম শুরুর ঘোষণা দিয়ে আদালত মুলতবি করা হয়। রোববার সকাল ১০টা ৫ মিনিটে আদালতে বিচার কার্যক্রম শুরু হয়ে তা ১০টা ২০ পর্যন্ত চলে। বিচারক প্যানেলের সভাপতির দায়িত্ব পালন করেন বিডিআর রাজশাহী সেক্টর কমান্ডার কর্নেল এহিয়া আযম খাঁন। তাকে সহায়তা করেন বিডিআর খুলনা সেক্টরের উপ-অধিনায়ক লে. কর্নেল গাজী মো. খালিদ হোসেন পিএসসি, লে. কমান্ডার মুহাম্মদ তৌহিদুল ইসলাম টিএসএস, এ্যাটর্নি জেনারেলের প্রতিনিধি শ্রী সশাংক শেখর সরকার। কৌসুলি হিসেবে দায়িত্ব পালন করেন ৪১ রাইফেল ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এনায়েত করিম পিএসসি। বিশেষ কৌসুলি হিসেবে অ্যাডভোকেট মো. মুনজুর আলম, বিশেষ পাবলিক প্রসিকিউটর হিসেবে অ্যাডভোকেট মো. রেজাউল করিম রেজা আদালতে উপস্থিত ছিলেন। সকাল সাড়ে ৯টায় ১০৫ জন বিডিআর সদস্যকে সাতক্ষীরা জেলা কারাগার থেকে বিশেষ আদালতে নিয়ে আসা হয়। ২০০৯ সালে বিডিআর বিদ্রোহে অংশগ্রহণ ও ঢাকার পিলখানায় সংঘটিত বিদ্রোহের সাথে একাত্মতা ঘোষণা করায় ওই বছরের ১৫ মে সাতক্ষীরার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২৭ বিডিআর সদস্যের বিরুদ্ধে সিআর ৩৯১/০৯ নম্বর রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়। মামলায় ২৩ জুন তাদেরকে গ্রেপ্তার করে সাতক্ষীরা জেলা কারাগারে পাঠানো হয়। এরপর গত শনিবার সাতক্ষীরা ৪১ রাইফেল ব্যাটালিয়ন সদর দপ্তরে স্থাপিত বিশেষ আদালত-১২ এ বিচার কার্যক্রম শুরু হয়। বাদি সুবেদার মেজর মো. আব্দুস সাত্তার মিয়া আসামিদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। আদালত আগে গ্রেপ্তার হওয়া ২৭ বিডিআর সদস্যসহ ১০৫ জন আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নেয়। ১০৫ জনের মধ্যে ২৭ জন গ্রেপ্তার থাকায় বাকি ৭৮ জন বিডিআর সদস্যকে তাদের নিজ নিজ ইউনিট থেকে গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরনের আদেশ দেয় আদালত। বিডনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৪০৭ ঘ.