২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিক্ষক মিজানুর লাইফ সাপোর্টে

নাটোরে ছাত্রী উত্ত্যক্তের প্রতিবাদকারী শিক্ষক মিজানুর রহমানকে লাইফ সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2010, 05:30 AM

Updated : 25 Aug 2022, 07:28 PM

ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরে ছাত্রী উত্ত্যক্তের প্রতিবাদকারী শিক্ষক মিজানুর রহমানকে লাইফ সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছে। বাগাতিপাড়া উপজেলার লোকমানপুর কলেজের রসায়ন বিভাগের প্রভাষক মিজানুর (৩৬) এখন রয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব চিকিৎসা বিশ্ববিদ্যালয়ের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ)। শুক্রবার সেখানে গিয়ে মিজানুরের উৎকণ্ঠিত স্বজনদের পাওয়া যায়। "যে কোনো সময় মারা যাবে আমার ভাই, সে প্রতীক্ষায় শুধু প্রহর গোনা", বললেন মিজানুরের ছোট ভাই আমানুর রশিদ। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চিকিৎসকরা জানিয়েছেন, লাইফ সাপোর্ট খুলে নিলেই মারা যাবেন ভাই। চিকিৎসকরা দুই থেকে তিনদিনের সময় নিয়েছেন।" চিকিৎসকরা আমানুরকে জানিয়েছেন, মিজানুর 'ক্লিনিক্যালি ডেড'। তবে যতক্ষণ লাইফ সাপোর্ট নেওয়ার ক্ষমতা থাকবে মিজানুরকে ততক্ষণ বাঁচিয়ে রাখা যাবে। গত ১২ অক্টোবর স্থানীয় দুই বখাটে তরুণের হামলায় আহত হন মিজানুর। বুধবার তার মৃত্যু হয়েছে, এমন একটি খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরে সবাই জানতে পরেন, তিনি মারা যাননি, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/১৮৩০ ঘ.