ঠাকুরগাঁও, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঠাকুরগাঁও সদর উপজেলায় এক মাদ্রাসায় লাইব্রেরিয়ান নিয়োগকে কেন্দ্র করে প্রার্থীর হাতে মারধরের শিকার হয়েছেন অধ্যক্ষ।
শনিবার উপজেলার খোশবাজার এসডি মাদ্রাসায় এ ঘটনায় আহত অধ্যক্ষ খায়রুজ্জামানকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাদ্রাসাটিতে লাইব্রেরিয়ানের একটি পদে নিয়োগ পাওয়ার জন্য এলাকার ১২ জন আবেদন করেন। গত বৃহস্পতিবার দিনাজপুর সরকারি কলেজে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়।
শনিবার ফলাফল প্রকাশ করে মাসুদ মোমেন নামে একজনকে এই পদে চাকরি দেওয়া হয়।
মাদ্রাসার সভাপতি সিরাজুল ইসলাম ও অধ্যক্ষ খায়রুজ্জামান জানান, বেলা ৩টায় ফলাফল ঘোষণার কথা ছিল। এর আগে মুক্তারুল নামে এক প্রার্থী নিয়োগ পায়নি বলে চিৎকার করতে থাকেন ও হঠাৎ অধ্যক্ষকে মারধর শুরু করেন।
এ ব্যাপারে মুক্তারুল বলেন, লাইব্রেরিয়ান পদে নিয়োগ পাওয়ার জন্য তিনি অধ্যক্ষকে নগদ এক লাখ টাকা দিয়েছেন। কিন্তু বেশি টাকার বিনিময়ে অন্যজনকে চাকরি দেওয়া হয়।
হাসপাতালে চিকিৎসাধীন অধ্যক্ষ তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, নিয়োগ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী মাসুদ মোমেনকে চাকরি দেওয়া হয়েছে।
এ ঘটনায় এখনো মামলা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২১০ ঘ.
bdnews24