২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষকরাই সবচেয়ে বড় উদ্যোক্তা: গভর্নর

কৃষকরাই সবচেয়ে বড় উদ্যোক্তা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2010, 01:58 PM

Updated : 25 Aug 2022, 07:27 PM

যশোর,অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কৃষকরাই সবচেয়ে বড় উদ্যোক্তা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। তিনি বলেন, "কৃষকরা কঠোর পরিশ্রম করে ফসল উৎপাদন করে বলেই আমরা অল্পদামে তা কিনতে পারি। তা না হলে অনেক কিছুই বিদেশ থেকে আমদানি করতে হতো।" শনিবার বিকালে যশোর সদর উপজেলার নাটুয়াপাড়া গ্রামে প্রাইম ব্যাংকের কৃষিঋণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আতিউর রহমান বলেন, আর্থিক সামর্থ্যরে অভাবের কারণে অনেক কৃষক মহাজন থেকে চড়া সুদে ঋণ নিয়ে ফসল ফলান। আমরা এ অবস্থার উত্তরণে কাজ করে যাচ্ছি। তারই ধারাবাহিকতায় বাংলাদেশ ব্যাংকের আহ্বানে সাড়া দিয়ে প্রাইম ব্যাংক কৃষিঋণ দিচ্ছে। অন্য বেসরকারি ব্যাংকগুলোকে কৃষকদের স্বার্থে কাজ করা উচিত বলে তিনি মন্তব্য করেন। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর প্রাইম ব্যাংকের দেওয়া এক কোটি ৫২ লাখ ৪৫ হাজার টাকা ঋণের (এসএমই) চেক ২০৪ জন কৃষকের মাঝে বিতরণ করেন। নাটুয়াপাড়া আবদুল গফুর মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত কৃষিঋণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাইম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম এহসানুল হক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- প্রাইম ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ইজবাহুল বারী চৌধুরী, এসইভিপি অ্যান্ড হেড অব এসএমই শওকত হোসেন, বাংলাদেশ ব্যাংকের কৃষিঋণ বিভাগের মহাব্যবস্থাপক এম মনিরুজ্জামান প্রমুখ। এর আগে গভর্নর চৌগাছায় ন্যাশনাল ব্যাংকের আয়োজনে কৃষকদের সঙ্গে, ঝিকরগাছা উপজেলার গদখালী ফুলচাষী ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় এবং শার্শার নাভারণ বাজারে পূবালী ব্যাংকের ৩৮৭তম শাখা উদ্বোধন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৪৭ ঘ.