২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় শিক্ষককে হামলাকারী ডিয়ার গ্রেপ্তার

মাগুরায় পিটিআইতে সহকর্মীদের উত্ত্যক্ত করার প্রতিবাদে শিক্ষকের ওপর হামলাকারী বখাটেদের নেতা ডিয়ারকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2010, 01:50 PM

Updated : 25 Aug 2022, 07:27 PM

মাগুরা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাগুরায় পিটিআইতে সহকর্মীদের উত্ত্যক্ত করার প্রতিবাদে শিক্ষকের ওপর হামলাকারী বখাটেদের নেতা ডিয়ারকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) দাউদ হোসেন জানান, শনিবার সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার আলমখালী এলাকা থেকে ডিয়ারকে গ্রেপ্তার করা হয়। বুধবার প্রাথমিক শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটে (পিটিআই) নারী প্রশিক্ষণার্থীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ডিয়ারের নেতৃত্বে একদল বখাটে শিক্ষক শরিফুজ্জামানকে মারধর করে তার গায়ে গরম ডাল ঢেলে দেয়। ঘটনার প্রতিবাদে প্রশিক্ষণার্থীরা পরদিন ডিয়ারসহ বখাটেদের গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার মানববন্ধন ও মিছিল করে এবং প্রশাসনকে স্মারকলিপি দেয়। শুক্রবার রাতে একই ঘটনায় জড়িত থাকার অভিযোগে শহরের মৎস্য অফিস এলাকা থেকে ভায়না মুন্সিপাড়ার বাসিন্দা মহরম হোসেনের ছেলে মনির হোসেনকে আটক করা হয়। ডিয়ার পিটিআইপাড়া এলাকার রিপন হোসেনের ছেলে। শরিফুজ্জামানের ওপর হামলার ঘটনায় তাকে মূল আসামি করে বুধবার রাতে সদর থানায় মামলা হয়। পুলিশের এই তৎপরতায় সন্তোষ প্রকাশ করেছেন পিটিআইয়ের সুপার কামরুজ্জামান ও প্রশিক্ষণার্থীরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/পিডি/১৯৪১ঘ.