২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিখোঁজ সাংবাদিকসহ চারজনের লাশ উদ্ধার

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ইছামতি নদীতে শুক্রবার রাতে ট্রলারডুবে নিখোঁজ চারজনের লাশ উদ্ধার হয়েছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2010, 08:10 AM

Updated : 25 Aug 2022, 07:27 PM

মুন্সীগঞ্জ, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় ইছামতি নদীতে শুক্রবার রাতে ট্রলারডুবে নিখোঁজ চারজনের লাশ উদ্ধার হয়েছে। তিনজনের লাশ উদ্ধার করা শনিবার দুপুরে। রাতে আরেকজনের লাশ উদ্ধার করা হয়। এরা হলেন- বাংলাদেশ সময়ের স্টাফ রিপোর্টার মহিউদ্দিন ছোটন (২৬), ব্যবসায়ী গোলাম কিবরিয়া কনক (৩০), শহিদুল ইসলাম আজাদ (৩৮) ও নারায়ণগঞ্জের পাইকপাড়ার মো. ওয়াহিদ ইমরান (২৫)। শনিবার রাতে লালন উৎসবে যোগ দিতে আরো ৫৬ জনের সঙ্গে তারা ট্রলারটিতে করে উপজেলার টেকেরহাটে যাচ্ছিলেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিরাজদিখান থানার ওসি মাহবুব আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উপজেলা সদর থেকে দেড় কিলোমিটার দূরে টেঙ্গুরিয়াপাড়ার কাছে ইছামতি নদীতে একটি বালুবোঝাই জাহাজের সঙ্গে কাঠের ট্রলারটি সংঘর্ষ হলে সেটি ভেঙে ডুবে যায়। অন্যরা সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ হন ছোটন, আজাদ, কনক ও ইমরান। তিনি বলেন, দুর্ঘটনাস্থলের কিছু দূর থেকে দুপুরে লাশ তিনটি উদ্ধার করা হয়েছে। আরেকটি উদ্ধারকরা হয় রাতে। সেগুলো তাদের পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ওসি আরো জানান, ট্রলারযাত্রীদের মধ্যে ১৫ জন ছিলেন ঢাকার। দুর্ঘটনার সময় ট্রলার ও জাহাজ কোনোটিতেই বাতি জ্বালানো ছিলো না। বালুর জাহাজটি আটক করা হয়েছে। তবে কাউকে গ্রেপ্তার করা যায়নি। দুর্ঘটনায় আহত ১০ জনকে স্থানীয় ও ঢাকার বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। মুন্সীগঞ্জের সহকারী পুলিশ সুপার কামরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা থেকে আসা দমকল বাহিনীর ডুবুরিরা রাত আড়াইটার দিকে ট্রালারটির অবস্থান সনাক্ত করেন। শনিবার সকাল থেকে উদ্ধার অভিযান শুরু হয় বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/ডিডি/১৮৫৪ ঘ.