ঢাকা, অক্টোবর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর ৩১ কিলোমিটার রেললাইন এলাকায় বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৯ জন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রাজধানীর ভেতর দিয়ে যাওয়া রেললাইনের পাশে গড়ে ওঠা বিভিন্ন বস্তি ও রেলস্টশন সংলগ্ন এলাকায় শুক্রবার বিকাল সাড়ে ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত এ অভিযান চালায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
এ বিষয়ে শনিবার গোয়েন্দা পুলিশের (ডিবি) সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে জানানো হয়, অভিযানে ১৮২ পুরিয়া হেরোইন, ২০ বোতল ফেন্সিডিল, ৬৮ লিটার মদ, সাত কেজি ৩৫০ গ্রাম এবং ১০৭৭ পুরিয়া গাঁজা, ৩০০ ক্যান বিয়ার, ৩৬০টি প্যাথেডিন ইনজেকশন ও ১৪৪টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
এসব ঘটনায় বিভিন্ন থানায় ৩৯টি মামলা হয়েছে।
যুগ্ম কমিশনার মীর শহীদুল ইসলাম (ডিবি) ও যুগ্ম কমিশনার (ক্রাইম অ্যান্ড কন্ট্রোল) মো. হুমায়ুন কবিরের তত্ত্বাবধানে ঢাকা মহানগর পুলিশের ছয়টি জোনের ছয়জন ডিসি ও ছয়জন এডিসির নেতৃত্ব অভিযান পরিচালিত হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/এজে/এমআই/১২৪৫ ঘ.
bdnews24