চট্টগ্রাম, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন মাঝিরঘাটের মাইজপাড়া এলাকায় ফুটবল খেলা নিয়ে বিরোধের জের ধরে একটি পারিবারিক মন্দিরের সরস্বতী মূর্তি ভাংচুর করেছে দুবর্ৃৃত্তরা।
শুক্রবার বিকালে মাইজপাড়ার কিরণ দাসের বাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত অভিযোগে চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এরা হলেন- মো. মিজান (২৫), বেলাল হোসেন (২১), ইসমাইল (২২) ও আলতাফ হোসেন (৩০)। তারা সবাই ট্রাক শ্রমিক।
ডবলমুরিং থানার ওসি আইনুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল ৫টার দিকে মাইজপাড়ার কিরণ দাসের বাড়ি সংলগ্ন খোলা জায়গায় ফুটবল খেলছিল স্থানীয় তরুণরা। ফুটবলটি তার বাড়িতে গিয়ে পড়ে। এসময় বল আনতে গেলে তা দিতে অস্বীকৃতি জানান বাড়ির লোকজন।
এই ঘটনার কিছুক্ষণ পর স্থানীয় ট্রাক স্ট্যান্ডের শ্রমিক ও তরুণরা একত্রিত হয়ে কিরণ দাশের বাড়িতে যায়। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দু'পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়।
এসময় দুর্বৃত্তরা কিরণ দাশের পারিবারিক শনি মন্দিরের একটি সরস্বতী মূর্তি রাস্তায় এনে ভেঙে ফেলে বলে জানান ওসি।
এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এইচএ/২২৪৩ ঘ.
bdnews24