২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে ক্লিনিক থেকে শিশু চুরি, আটক ৩

জেলা শহরের একটি বেসরকারি হাসপাতাল থেকে এক সদ্যজাত শিশু চুরি হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2010, 03:23 PM

Updated : 25 Aug 2022, 07:27 PM

রংপুর, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেলা শহরের একটি বেসরকারি হাসপাতাল থেকে এক সদ্যজাত শিশু চুরি হয়েছে। শুক্রবার সকালে শহরের আরকে রোড এলাকায় 'জনসেবা ক্লিনিকে' এ ঘটনা ঘটে । ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ক্লিনিকটির এক ওয়ার্ড বয় ও দুই সেবিকাকে আটক করেছে। পুলিশ ও সংশ্লিষ্টরা জানায়, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার বিশ্বাহলদিয়া গ্রামের হামিদুল ইসলামের স্ত্রী আঞ্জুমান আরা আখতার গত ১৬ অক্টোবর জনসেবা ক্লিনিকে ভর্তি হন। বৃহস্পতিবার সকালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে তার একটি ছেলে হয়। শুক্রবার সকালে আঞ্জুমান আরা টয়লেটে গিয়ে ফিরে এসে দেখেন তার ছেলে নেই। এ সময় তিনি কান্নাকাটি শুরু করলে আশপাশের রোগী ও স্বজনরা ছুটে আসে। হাসপাতালের সেবিকা, আয়া ও ওর্য়াড বয়রা তাকে জানান, শিশুটি মারা গেছে। তাকে স্থানীয় পীরপুর কবরস্থানে দাফন করা হয়েছে। কিন্তু পীরপুর কবরস্থানে গেলে সেখানের এক কর্মচারী জানান, গত দু'দিনে সেখানে কোনো শিশুকে দাফন করা হয়নি। খবর পেয়ে কোতয়ালি থানা পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ওয়ার্ডবয় মিজানুর, সেবিকা খোদেজা বেগম ও নেহাল বেগমকে থানায় নিয়ে যায়। আঞ্জুমান আরাকে সিজারিয়ান অপারেশনকারী দুই ডাক্তার মোতাচ্ছেরুল ইসলাম ও মোকাম্মেল হোসেন জানান, আঞ্জুমান আরার ছেলে হয়েছে। শিশুটি সম্পূর্ণ সুস্থ ছিল। মারা যাবার প্রশ্নই ওঠে না। রংপুর কোতয়ালি থানার ওসি গোলাম মাহফিজ ঘটনাটি স্বীকার করে বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ক্লিনিকের তিন কর্মচারীকে আটক করা হয়েছে। মামলা দায়ের করার প্রক্রিয়া চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২১১১ ঘ.