বরিশাল, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালের উজিরপুর উপজেলায় নৌকাবাইচ চলাকালে দর্শকদের একটি ট্রলারডুবি হয়ে তিনজনের মৃত্যু হয়েছে।
শুক্রবার বিকাল সাড়ে ৫টায় সন্ধ্যা নদীতে এ ট্রলারডুবিতে নিহতরা হলেন- বানারীপাড়া উপজেলার উত্তর নাজিরপুর গ্রামের মুনিম সরদার (১০), শারমিন (৮) ও শাহিদা (২২)।
এছাড়া নিখোঁজ আরো দু'জনের পরিচয় পাওয়া গেছে।
এরা হলেন- জেলার বানারীপাড়ার নাজিরপুর এলাকার রাশেদ (১০) ও মোমিন (৭)।
শতাধিক যাত্রীবোঝাই ওই ট্রলারের বেশিরভাগ যাত্রী সাঁতরে কূলে উঠেছে। আর কয়জন নিখোঁজ রয়েছে তার সঠিক হিসাব পাওয়া যায়নি।
তাদের সন্ধানে দমকলের ডুবুরিদের চেষ্টা অব্যাহত রয়েছে বলে জানান বানারীপাড়া থানার উপ-পরিদর্শক শামীম শেখ।
প্রত্যক্ষদর্শী স্থানীয় সাংবাদিক সাগর বৈদ্য জানান, সন্ধ্যা নদীর পুরনো ইউনিয়ন পরিষদ ভবন সংলগ্ন পয়েন্ট থেকে বাইচ শুরু হয়। প্রতিযোগিতা দেখার জন্য একটি ট্রলারে শিশু ও মহিলাসহ শতাধিক যাত্রী নদীর তীর ঘেঁষে অবস্থান নেয়।
প্রতিযোগিত দেখার এক পর্যায়ে যাত্রীরা একপাশে চলে এলে ট্রলারটি উল্টে যায়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রিয় সিন্ধু তালুকদার জানান, ট্রলারটি তোলা হচ্ছে। কতজন নিখোঁজ রয়েছে তার সঠিক হিসেব পাওয়া যায়নি। ৩/৪ জন অথবা এর বেশিও হতে পারে।
প্রতিবছর লক্ষ্মী পূজার দিন স্থানীয় হারতা ইউনিয়ন পরিষদ এবং হারতা বাজার কমিটি যৌথভাবে এই বাইচের আয়োজন করে। প্রতিযোগিতায় ১২টি নৌকা অংশ নিয়েছিল।
প্রতিযোগিতা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাংসদ মনিরুল ইসলাম মনি। উপস্থিত ছিলেন জেলা প্রশাসক এসএম আরিফ-উর রহমান, পুলিশ সুপার দেবপ্রিয় ভট্টাচার্য, উজিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ বাদল, উজিরপুরের ইউএনও প্রিয় সিন্ধু তালুকদার প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০০০ ঘ.
bdnews24