২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'গরু জবাই করে এসেছি'

চাচাকে গলা কেটে হত্যার পর এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফেনীর ছাগলনাইয়া উপজেলার উত্তর সতর গ্রামে শুক্রবার সকালে দিদারুল ইসলাম (৩০) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2010, 01:16 PM

Updated : 25 Aug 2022, 07:27 PM

ফেনী, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাচাকে গলা কেটে হত্যার পর এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। ফেনীর ছাগলনাইয়া উপজেলার উত্তর সতর গ্রামে শুক্রবার সকালে দিদারুল ইসলাম (৩০) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, দিদারকে তার বাবা সফিউল্লাহ ধরিয়ে দিয়েছেন। জমি নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে পুলিশ জানায়। নিহত রহিম উল্লাহ (৩২) সফিউল্লার ছোট ভাই। পুলিশ ও স্থানীয়রা জানায়, সকাল ৭টার দিকে বাড়ির পাশের বীজতলা থেকে রক্তমাখা দিদার তার বাবাকে বলে, একটি গরু জবাই করে এসেছে সে। তাতে সফিউল্লাহর সন্দেহ হলে তিনি বীজতলায় গিয়ে ভাইয়ের গলাকাটা লাশ দেখতে পান। লাশ দেখে সফিউল্লাহ সঙ্গে সঙ্গে প্রতিবেশীদের নিয়ে বাড়ি ফিরে দিদারকে বেঁধে পুলিশে খবর দেন বলে জানিয়েছেন ফেনীর পুলিশ সুপার মো. ইমাম হোসেন। তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দিদারের বিরুদ্ধে তার বাবা সফিউল্লাহ বাদি হয়ে মামলার প্রস্তুত নিচ্ছেন। গাজীপুর ও বরগুনায় দুই লাশ উদ্ধার গাজীপুর ও বরগুনায় দুটি লাশ উদ্ধার হয়েছে বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর জেলা প্রতিনিধিরা জানিয়েছেন। নিখোঁজ হওয়ার তিন দিন পর কাপাসিয়া উপজেলার উরুন গ্রামের সবদর আলীর ছেলে মমতাজ উদ্দিনের লাশ শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে তরগাঁও ইউনিয়নের মৈশন এলাকার একটি বক্স কালভার্টের নিচ থেকে উদ্ধার করা হয় বলে পুলিশ জানিয়েছে। কাপাসিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আলীম জানান, মাছ ধরতে মঙ্গলবার বাড়ি থেকে বেরিয়েছিলেন মমতাজ। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। মমতাজের ডান চোখ, বুক ও পিঠে আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ জানিয়েছে। এদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় বরগুনা থানা পুলিশ পায়রা ও চালিতাতলী খালের মোহনা থেকে অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তির ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে। বাবুগঞ্জ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক আবদুল জলিল সাংবাদিকদের বলেন, মৃত ব্যক্তির পরনে লুঙ্গি, গায়ে গেঞ্জি, মুখে দাড়ি ও গলায় তিনটি তাবিজ রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৯০৮ ঘ.