গোপালগঞ্জ, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় ট্রাকচাপায় মোটর সাইকেল আরোহী ব্র্যাক ব্যাংকের কর্মকর্তাসহ ২ জন নিহত হয়েছে।
বৃহস্পতিবার রাতে গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের জলিরপাড় রবি টাওয়ারের কছে এ দুর্ঘটনাটি ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহতরা হলেন- মাদারীপুরের রাজৈর উপজেলার খালিয়া গ্রামের নন্দী মিত্রের ছেলে ব্যবসায়ী উত্তম মিত্র (৩০) ও ব্র্যাক ব্যাংক টেকেরহাট শাখার ম্যানেজার জয়ন্ত কুমার সুর (৩২)। জয়ন্ত নড়াইল শহরের বাজার রোডের সাধন কুমার সুরের ছেলে।
মুকসুদপুর থানার ওসি এ কে এম লিয়াকত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জয়ন্ত ব্যবসায়ী উত্তমকে নিয়ে মুকসুদপুর থেকে টেকেরহাট যাচ্ছিল। জলিরপাড় এলাকায় একটি ট্রাক তাদের চাপা দিলে ঘটনাস্থলেই তারা নিহত হন।
লাশ দুটি শুক্রবার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে কোনো মামলা হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমইউএস/এমআই/১৬২০ ঘ.
bdnews24