রাজশাহী, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সন্দেহভাজন জঙ্গি সংগঠন হিযবুত তাওহীদের প্রচারপত্র বিলির সময় পাঁচ জনকে আটক করেছে রাজশাহীর মতিহার থানা পুলিশ।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সুইপার কলোনি এলাকা থেকে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন মতিহার থানার ওসি রবিউল ইসলাম।
এরা হলেন- মতিহার কাজলা এলাকার মো. সুজন, মো. আশরাফ ও রবিউল ইসলাম, খোঁজাপুর এলাকার শফিকুল ইসলাম এবং ধরমপুর পূর্বপাড়ার নজরুল ইসলাম।
পুলিশ কর্মকর্তা রবিউল জানান, তারা ধর্মীয় পুস্তিকা ও লিফলেট বিলি করছিলো। স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ তারে আটক করে থানায় নিয়ে আসে।
আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে তিনি জানান।
জঙ্গি তৎপরতার জন্য নিষিদ্ধ সংগঠনগুলোর তালিকায় হিযবুত তাওহীদের নাম নেই। তবে কালোতালিকায় তাদের নাম রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৩৫৫ ঘ.
bdnews24