২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নর্থ বেঙ্গল সুগার মিলে আখ মাড়াই শুরু

প্রায় তের হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলে আখ মাড়াই শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2010, 07:20 AM

Updated : 25 Aug 2022, 07:27 PM

নাটোর, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় তের হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলে আখ মাড়াই শুরু হয়েছে। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার শুক্রবার এই মাড়াই মৌসুমের উদ্বোধন করেন। এ উপলক্ষে চাষী সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান রণজিৎ কুমার বিশ্বাস। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সাংসদ মো. আবু তালহা, মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. হারিছ আলী, নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি সাজেদুর রহমান খান, সাধারণ সম্পাদক হানিফ আলী শেখ, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, মিলের সিবিএ সভাপতি খন্দকার শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আনোয়ার কামাল। চিনিকল সূত্রে জানা যায়, চলতি মৌসুমে এক লাখ ৭০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ১২ হাজার ৭'শ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মিলের মহাব্যবস্থাপক (কৃষি) অলিক সোম বলেন, "দেশের ১৫টি চিনিকলের মধ্যে এবার আমরা সর্বাধিক পরিমান চিনি আহরনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি। একশ তিন কর্মদিবসে চিনি আহরণের হার ধরা হয়েছে ৭ দশমিক ৫০ ভাগ।" মিলের মহাব্যবস্থাপক (অর্থ) শফিকুল ইসলাম বলেন, "লক্ষ্যমাত্রা অনুযায়ী আখ মাড়াই সম্ভব হলে মিলটি এবার তিন কোটি ৯৪ লাখ টাকা লাভ করবে। মিল এলাকায় ২৬ হাজার ৭০০ একর জমিতে আখ চাষ করা হয়েছে।" তিনি বলেন, "গত মৌসুমে একশ কর্ম দিবসে এক লাখ ৬০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ১১ হাজার ৬৮০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। কিন্তু কৃষকরা চিনিকলে যথাযথভাবে আখ সরবরাহ না করায় মাত্র ৭২ কর্মদিবসে কর্তৃপক্ষ মিল বন্ধ করতে বাধ্য হয়।" তিনি জানান, এই মিলের ৭৭টি মাড়াই মৌসুমের মধ্যে সবচেয়ে কম আখ মাড়াই করা হয়েছে গত বছর। এর ফলে গত মৌসুমে মিলের লোকসানের পরিমান দাঁড়ায় ৯ কোটি ৭০ লাখ টাকা। তিনি বলেন, "এ বছর চাষীদের জন্য আখের মূল্য নির্ধারণ করা হয়েছে মণ প্রতি মিল গেটে ৮৮ টাকা ৯৫ পয়সা ও ক্রয় কেন্দ্রে ৮৬ টাকা ৮১ পয়সা। এবারই প্রথম প্রধান মন্ত্রীর কার্যালয়ের এ্যাক্সেস টু ইনফরমেশন প্রোগ্রাম এবং বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের যৌথ উদ্যোগে ডিজিটাল পদ্ধতিতে পূর্জি বিতরণ ও আখের মূল্য পরিশোধের পদক্ষেপ নেওয়া হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৩১২ ঘ.