২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজার বন্দরে ০৫ নম্বর বিপদ সঙ্কেত

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় 'গিরি'র কারণে কক্সবাজার সমুদ্র বন্দরকে ০৫ নম্বর বিপদ সঙ্কেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Oct 2010, 02:55 AM

Updated : 25 Aug 2022, 07:27 PM

ঢাকা, অক্টোবর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় 'গিরি'র কারণে কক্সবাজার সমুদ্র বন্দরকে ০৫ নম্বর বিপদ সঙ্কেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার সকালে অধিদপ্তরের এক বিশেষ বুলেটিনে বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পূর্বমধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় 'গিরি' সামান্য উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি আরো শক্তিশালী হয়ে উত্তর-উত্তরপূর্ব দিকে অগ্রসর হয়ে শুক্রবার বিকাল কিংবা সন্ধ্যায় টেকনাফের দক্ষিণ দিক দিয়ে কক্সবাজার-মিয়ানমার উপকূল অতিক্রম করতে পারে। এর প্রভাবে দেশের সমুদ্র বন্দরসমূহ ও উপকূলীয় এলাকায় ঝড়োহাওয়া বয়ে যেতে পারে। বুলেটিনে বলা হয়, ঘূর্ণিঝড় ও পূর্ণিমার প্রভাবে কক্সবাজার, চট্টগ্রাম, নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, ভোলা, বরিশাল, পটুয়াখালী ও তাদের অদূরবর্তী দ্বীপ ও চরসমূহ স্বাভাবিক জোয়ারের চেয়ে ৪-৬ ফুট অধিক উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। শুক্রবার সকাল ৬টায় এটি চট্টগ্রাম সমুদ্র বন্দরের ৪২০ কিলোমিটার দক্ষিণে, কক্সবাজার সমুদ্র বন্দরের ৩৩০ কিলোমিটার দক্ষিণে এবং মংলা সমুদ্র বন্দরের ৫২০ কিলোমিটার দক্ষিণ- দক্ষিণপূর্বে অবস্থান করছিলো। বুলেটিনে কক্সাজার সমুদ্র বন্দরকে আগের ০৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সঙ্কেত নামিয়ে তার পরিবর্তে ০৫ নম্বর বিপদ সঙ্কেত দেখাতে বলা হয়েছে। চট্টগ্রাম সমুদ্র বন্দরে ০৪ (চার) নম্বর স্থানীয় হুঁশিয়ারী সঙ্কেত এবং মংলা সমুদ্র বন্দরে ০৩ নম্বর স্থানীয় সতর্কতা সঙ্কেত বহাল রাখা হয়েছে। বুলেটিনে জানানো হয়, ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৬২ কিলোমিটার, যা দমকা অথবা ঝড়োহাওয়ার আকারে ৮৮ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সাগর উত্তাল থাকবে। উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থানরত সব মাছধরা নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে বুলেটিনে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/০৮৫৫ ঘ.