কিশোরগঞ্জ, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একই স্থানে এবং একই সময়ে যুবদল ও স্বেচ্ছাসেবক লীগ কর্মসূচি দেওয়ায় কিশোরগঞ্জের কটিয়াদীতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।
কটিয়াদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফুন্নাহার জেলা ম্যাজিট্রেটের নির্দেশে বৃহস্পতিবার এ আদেশ দেন।
এতে উপজেলার মসুয়া হাইস্কুল ও আশপাশের এলাকায় শুক্রবার সকাল থেকে রাত ১০টা পর্যন্ত কোনো সভা-সমাবেশ করা যাবে না।
কটিয়াদী থানার ওসি ফরিদ আহমেদ জানান, শুক্রবার সকালে মসুয়া বহুমুখী হাইস্কুল মাঠে ইউনিয়ন সম্মেলনের আয়োজন করে স্থানীয় যুবদল। একই সময়ে ওইস্থানে মসুয়া ইউনিয়ন স্বেচ্ছাসেক লীগও কর্মীসভা ডাকে।
এতে সংঘর্ষের আশঙ্কা দেখা দেওয়ায় আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার স্বার্থে তিনি (ওসি) ওই এলাকায় ১৪৪ ধারা জারির অনুরোধ করেন স্থানীয় প্রশাসনকে।
কটিয়াদীর ইউএনও লুৎফুন্নাহার বলেন, এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে ১৪৪ ধারা জারি করা হয়েছে।
উপজেলা যুবদলের আহবায়ক হাবিবুর রহমান রাসেল অভিযোগ করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তারা সম্মেলনের স্থান নির্ধারণ করেন।
তাদের অনুষ্ঠান বানচাল করতেই স্বেচ্ছাসেবক লীগ পাল্টা কর্মসূচি দেয় বলে তিনি দাবি করেন।
এ ব্যাপারে উপজেলা স্বেচ্চাসেবক লীগ সভাপতি তারেক মোস্তাক রানা বলেন, গত জোট সরকারের সময় যুবদল তাদের কর্মসূচি পালন করতে বাধা দেয়। তাই এবার তারাও পাল্টা কর্মসূচি দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩০৫ ঘ.
bdnews24