বাগেরহাট, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বনদস্যু ও জলদস্যু দমনের জন্য সুন্দরবনে কোস্টগার্ড পশ্চিম জোনের একটি নতুন স্টেশন কাজ শুরু করেছে।
সুন্দরবন পূর্ব বিভাগের শরণখোলা রেঞ্জের সুপতিতে বৃহস্পতিবার স্টেশনটির আানুষ্ঠানিক উদ্বোধন করেন কোস্টগার্ডের মহাপরিচালক কমোডর এসএএমএ আবেদীন।
এ সময় কোস্টগার্ড পশ্চিম জোনের জোনাল কমান্ডার এএসএম সাঈদুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এই নিয়ে কোস্টগার্ড পশ্চিম জোনের আওতায় বাগেরহাটের শরণখোলা উপজেলা, সুন্দরবনের সুপতি স্টেশন এবং খুলনার কয়রা উপজেলায় তিনটি স্টেশন হল।
মংলার কোস্টগার্ড পশ্চিম জোনের কর্মকর্তা লেফটেন্যান্ট শামীম খালেক জানান, বনদস্যু ও জলদস্যুদের দমনের লক্ষ্যে মংলা থেকে ৪৫ নটিক্যাল মাইল দক্ষিণে সুন্দরবনের সুপতি স্টেশনে এই নতুন স্টেশনটি স্থাপন করা হয়েছে।
তিনি বলেন, এখানে কোস্টগার্ড একটি জেটি নির্মাণ করবে যাতে কোস্টগার্ডের টহলবোট প্রয়োজনে অবস্থান করতে পারে। প্রাথমিকভাবে নতুন এই স্টেশন থেকে ১১ কোস্টগার্ড সদস্য দায়িত্ব পালন করবে।
সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সম্মতিতে সুপতি স্টেশনে বন বিভাগের একটি ঘরে কোস্টগার্ড স্টেশনটি স্থাপন করেছে।
সুন্দরবনের জেলে-বাওয়ালীদের সুরক্ষায় বনরক্ষীদের পাশাপাশি তারা কাজ করে যাবে বলে তিনি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪২ ঘ.
bdnews24