২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রেন দুর্ঘটনায় হতাহতরা ক্ষতিপূরণ পাচ্ছেন

সিরাজগঞ্জে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমাবেশস্থলের কাছে ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবার ও আহতরা ক্ষতিপূরণ পাচ্ছেন। (বিস্তারিত)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2010, 08:32 AM

Updated : 25 Aug 2022, 07:26 PM

ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমাবেশস্থলের কাছে ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবার ও আহতরা ক্ষতিপূরণ পাচ্ছেন। রেলওয়ের মহাপরিচালক টিএ চৌধুরী বৃহস্পতিবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানিয়েছেন। কী পরিমাণ ক্ষতিপূরণ দেওয়া হবে- জানতে চাওয়া হলে সুনির্দিষ্ট অঙ্ক না জানিয়ে তিনি বলেন, আইন অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে। তবে যোগাযোগ মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, রেল আইনে রেল দুর্ঘটনায় নিহত একজন ব্যক্তির পরিবারকে সর্বোচ্চ ২০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার বিধান রয়েছে। গত ১১ অক্টোবর সয়দাবাদের মুলিবাড়িতে খালেদার সমাবেশের কাছে ট্রেনে কাটা পড়ে অন্তত ছয়জন নিহত হন। বিএনপির দুর্ঘটনায় হতাহতদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানিয়ে আসছিলো। রেলের মহাপরিচালক জানান, ক্ষতিপূরণ দেওয়ার প্রস্তুতি শুরু হয়েছে। আগামী সপ্তাহের মধ্যেই তা চূড়ান্ত হতে পারে। এর আগে সচিবালয়ে যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন সাংবাদিকদের জানান, ট্রেন দুর্ঘটনা এবং পরবর্তীতে অগ্নিসংযোগের ঘটনায় হতাহতদের আর্থিক সাহায্য দেওয়ার কথা ভাবছে সরকার। সিরাজগঞ্জে ট্রেনে কাটা পড়ে নিহত হওয়ার পর বিক্ষুব্ধরা দ্রুতযান এক্সপ্রেসটিতে আগুন ধরিয়ে দেয়। কী পরিমাণ সাহায্য করা হবে- জানতে চাওয়া হলে মন্ত্রী বলেন, রেল আইনে সর্বোচ্চ যতটুকু সহায়তা দেওয়া যায়, তাই দেওয়া হবে। রেলওয়ের মহাপরিচালক টিএ চৌধুরী জানান, রেল আইন অনুযায়ী ক্ষতিপূরণ দিতে যোগাযোগ মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। আইনে কী পরিমাণ ক্ষতিপূরণ দেওয়ার সুযোগ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। তবে তিনি একইসঙ্গে বলেন, "রেল আইন অনুযায়ী হতাহত যাত্রীরাই শুধু ক্ষতিপূরণ পেতে পারে। তবে সরকার চাইলে সাধারণ কোনো ব্যক্তি রেল লাইনে কাটা পড়লেও তাকে ক্ষতিপূরণ দিতে পারে। এ বিষয়গুলোই এখন বিবেচনায় আনা হচ্ছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এজে/এমআই/১৪৫৫ ঘ.