ইসরাইল হোসেন বাবু
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি
সিরাজগঞ্জ, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের সয়দাবাদে মুলিবাড়ীতে ট্রেন দুর্ঘটনায় নিহত পাঁচজনের পরিবারে নেমে এসেছে চরম অনিশ্চয়তা।
এসব পরিবারের দুর্দশাগ্রস্ত সদস্যরা জীবনধারণ ও সন্তানের ভবিষ্যত নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন।
গত ১১ অক্টোবর দুর্ঘটনা ঘটলেও তাদের সান্ত্বনা দেওয়ার জন্য এখন পর্যন্ত কেউ আসেনি।
এদিন সয়দাবাদে বিএনপির সমাবেশস্থলের কাছে রেলসড়কে ট্রেনের ধাক্কায় ৫ জন মারা যান। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া সমাবেশে ভাষণ দেওয়ার আগে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ট্রেনে অগ্নিসংযোগ, লুটপাট ও ভাংচুর চালানো হয়।
নিহত পাঁচজন হলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের হাসনা গ্রামের শাবান মির্জা, সুরুতজ্জামান সেখ, কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের বালুকোল গ্রামের নুরুজ্জামান সেখ নুরনবী ও জামতৈল ইউনিয়নের হালুয়াকান্দি গ্রামের ফারুক তালুকদার এবং এনায়েতপুর উপজেলার জালালপুর ইউনিয়নের চেংটারচর গ্রামের ঠান্ডু সরকার।
সোমবার সরজমিন এসব এলাকায় গিয়ে তাদের পরিবারের সদস্যদের দুর্দশার এই চিত্র জানা যায়।
সুরুতজ্জামান ও মির্জার পরিবারে আতঙ্ক
বিএনপি সমর্থক সুরুতজ্জামান (৬৫) ছিলেন কৃষক। তার এক ছেলে ও চার মেয়ে। ছেলে মেয়েদের বিয়ে দিয়েছেন। ছেলে ফরিদ (৪০) পেশায় ভটভটিচালক। আর নিহত শাবান আলী মির্জার (৬৬) সন্তানদের মধ্যে শামীম মির্জা কাঠ ব্যবসায়ী, সুজন মির্জা চাতাল শ্রমিক, দুল মির্জা পুলিশের কনষ্টেবল পদে চাকুরীরত এবং সবুজ মির্জা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরিবেশ বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত।
ঘটনার দিন সুরুতজ্জামান ও শাবান মির্জা দলের স্থানীয় নেতাদের সাথে বাসযোগে খালেদা জিয়ার সভাস্থলে পৌঁছান। ট্রেনের ধাক্কায় এ দুজনই গুরুতর আহত হলে সদর হাসপাতালে নেওয়ার পথে তারা মারা যান। সংবাদ পেয়ে স্বজনরা হাসপাতালে গিয়ে তাদের লাশ সনাক্ত করেন। প্রশাসনের কাছে আবেদন করে ময়নাতদন্ত ছাড়াই দুজনের লাশ বাড়িতে নিয়ে যাওয়া হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, খালেদা জিয়ার উপদেষ্টা ইকবাল হাসান মাহমুদ টুকুসহ দলের অন্য নেতারা তাদের জানাজায় শরিক হন।
ঘটনার ১০ দিন পরও দলের কোনো নেতা বা প্রশাসনের কেউ এ পরিবার দুটির কোন খোঁজ নেয়নি।
এ দুজনেরই চাচাতো ভাই ও স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য বিএনপি সমর্থক আব্দুল জব্বার, সুরুতজ্জামানের ছেলে ফরিদ, শাবান মির্জার মেয়ে সাথী (২২) ও বড় পুত্রবধু শোভা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে অভিযোগ করে বলেন, "এ দুর্ঘটনা নিয়ে দেশ জুড়ে এতো কিছু হচ্ছে। অথচ তাদের সান্ত্বনা দেওয়ার জন্য এখন পর্যন্ত কেউ আসেনি।"
ইউপি সদস্য আব্দুর জব্বার বলেন, "বিএনপির বড় দুই নেতা জানাজায় অংশ নিলেও সহানুভুতি জানানোর জন্য তারা বাড়িতে আসার প্রয়োজন মনে করেননি।
দুটি পরিবারের সদস্যরাই বলেন, "আমরা পরিবারের প্রধানদের হারিয়েছি। অথচ ঐ ট্রেন ট্র্যাজেডির ঘটনায় দায়ের করা মামলায় আমাদেরকেই জেলহাজতে পাঠানো হবে বলে কতিপয় ব্যক্তি ভয়ভীতি দেখাচ্ছে।"
সিরাজগঞ্জের অতিরিক্তি পুলিশ সুপার দেলোয়ার হোসেন সাঈদী এ বিষয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্বজনহারা পরিবারকে ভয়ভীতি দেখানো অনৈতিক। বিষয়টি অবশ্যই খতিয়ে দেখা হবে। কেউ চিহ্নিত হলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।"
নুরুজ্জামানের স্ত্রীর চিন্তা ২টি সন্তান
স্থায়ী বাড়ী কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের বালুকোল গ্রামে হলেও সিরাজগঞ্জ শহরের মাছিমপুর মহল্লায় দেড়শতক জায়গায় ঘর তুলে পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছিলেন ক্ষুদ্র ব্যবসায়ী নুরুজ্জামান সেখ নুরনবী।
তিনি স্ত্রী তাসলিমা খাতুন (২৮) ও দুই ছেলে বিপ্লব ও তৌহিদুল ইসলামকে (৪) রেখে গেছেন। বিপ্লব ৮ম শ্রেনীর শিক্ষার্থী।
ঘটনার দিন সকালে পুরাতন রিক্সা ভ্যান ক্রয়ের জন্য নুরুজ্জামান সলঙ্গায় যান বলে তাসলিমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। সলঙ্গায় তার সাথে দেখা হয় গ্রামের বিএনপি নেতা-কর্মীদের। তাদের সাথে ট্রাকযোগে জনসভাস্থলে যান নুরুজ্জামান। স্ত্রী তাসলিমা বিকাল ৪টার দিকে তার মৃত্যুর খবর জানতে পারেন।
তাসলিমা জানান, গ্রামের বাড়ীতে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়। তার জানাজায় শরিক হয়েছিলেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান ও ইকবাল হাসান মাহমুদ টুকু। তারা এ পরিবারকে সহায়তার আশ্বাস দিয়েছেন। কিন্তু পরবর্তীতে সান্ত্বনা দেওয়ার জন্য কেউ যায়নি।
তাসলিমা বেগম জানান, তার স্বামী পুরাতন রিক্সা ভ্যান ক্রয়-বিক্রয় করত। আর তিনি বাড়িতে দর্জির কাজ ও কাঁথা সেলাই করতেন। এতে যা আয় হতো তা দিয়েই চলতো সংসার। স্বামীর মৃত্যুতে তিনি দিশেহারা হয়ে পড়েছেন। অষ্টম শ্রেনীতে পড়
bdnews24