ঢাকা, অক্টোবর ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যানজট নিরসনে রাজধানীতে আগামী ১ নভেম্বর থেকে হকার উচ্ছেদ শুরু হচ্ছে।
ঢাকার ওপর চাপ কমাতে ময়মনসিংহ, গাজীপুর ও নারায়ণগঞ্জের সঙ্গে যোগাযোগ সহজ করতে চালু হচ্ছে কমিউটার ট্রেন।
যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন। যানজটের দুর্ভোগ থেকে জনসাধারণকে নিস্তার দিতেই এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
মন্ত্রী জানান, হকার উচ্ছেদের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে যোগাযোগ মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি পাঠানো হয়েছে।
যানজট নিরসনে সরকারের পদক্ষেপের বিষয়ে আবুল হোসেন বলেন, "বিগত সাত বছরের পুঞ্জীভূত সমস্যার সমাধান এত দ্রুত সম্ভব নয়। সরকার এখন ঢাকায় উড়াল সড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছে। এটা বাস্তবায়ন হলেও যানজট সমস্যার অনেকটাই সমাধান হবে।"
উড়াল সড়ক প্রকল্প বর্তমান সরকারের সময়েই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন তিনি।
যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং যানজট কমাতে কমিউটার রেল সার্ভিস চালুর কথাও জানান মন্ত্রী। ঢাকা-জয়দেবপুর, ঢাকা-ময়নমনসিংহ এবং ঢাকা-নারায়ণগঞ্জ রুটে এগুলো চালু করা হবে।
"ফলে এসব এলাকার মানুষ শহরে অফিস করে বাড়িতে ফিরতে পারবেন কম সময়ের মধ্যে", বলেন আবুল হোসেন।
দক্ষিণ কোরীয় প্রতিষ্ঠান ইডিসিএফ'র অপারেশন বিভাগের পরিচালক তায়ে সু কিম-এর সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী।
কমিউটার ট্রেন চালুর জন্য কোরিয়া থেকে ইঞ্জিন আনার পরিকল্পনা করেছে সরকার। ইডিসিএফ'র ঋণের টাকায় নয়টি রেল ইঞ্জিন কেনার সিদ্ধান্ত হয়েছে।
কোরীয় সরকারের অর্থায়নে ৩০০ বাসও কেনা হচ্ছে। এর মধ্যে ১৫০টি এসি এবং ১৫০টি নন-এসি বাস।
এছাড়া কোরীয় সরকারে সহায়তায় চট্টগ্রামের কালুরঘাট ও বরিশালের লেবুখালী সেতু এবং কর্ণফুলী নদীর নিচে একটি টার্নেল নির্মাণের কথাও সরকার ভাবছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৩২৪ ঘ.
bdnews24