নারায়ণগঞ্জ, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) বাঁধের অভ্যন্তরের জলাবদ্ধতার স্থায়ী সমাধানের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে একটি সংগঠন।
বুধবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শহরের চাঁদমারী এলাকায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচি পালন করে নারায়ণগঞ্জ নাগরিক কমিটি।
মানববন্ধন চলাকালে কমিটির সভাপতি এ বি সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- সংগঠনটির সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সহ-সভাপতি রফিউর রাব্বি, বন্দর থানা নাগরিক কমিটির সাধারণ সম্পাদক কমল খান, সাংগঠনিক সম্পাদক হাফেজ কবির আহমেদ, পরিবেশবাদী সংগঠন নির্ভীক ও শহর বিএনপির সাধারণ সম্পাদক এ টি এম কামাল।
বক্তারা বলেন, পাকিস্তান আমলে বন্যার কবল থেকে ফসল বাঁচানোর জন্য করা হয়েছিলো ঢাকা-নারায়ণগঞ্জ-ডেমরা (ডিএনডি) প্রকল্পটি।
স্বাধীনতার পর ওই এলাকার কৃষি জমিতে বসতি ও শিল্পকারখানা গড়ে উঠে। পানি নিষ্কাশনের খালগুলো দুদিক দিয়ে অবৈধ দখলে চলে গেছে।
তারা বলেন, খাল দিয়ে শিল্পকারখানার দূষিত বর্জ্য সরতে না পারায় জলাবদ্ধতা দেখা দেয়। দূষিত ওই সব পানিতে আক্রান্ত হয়ে দেখা দিচ্ছে মারাত্মক রোগবালাই।
মানববন্ধন কর্মসূচি শেষে নাগরিক কমিটির নেতারা ভারপ্রাপ্ত জেলা প্রশাসক আমিনুল্লাহ নূরীকে একটি স্মারকলিপি দেয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/২৩২৫ ঘ.
bdnews24