দিনাজপুর, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিনদফা দাবি পূরণ না হলে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে পানি সরবরাহ বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে পানি ও বিদ্যুৎ সংগ্রাম কমিটি।
কেন্দ্রের পাশের দুধিপুরসহ কয়েকটি গ্রামের বাসিন্দারা এ কমিটি গঠন করেছে।
বুধবার দুপুরে দিনাজপুরের ফুলবাড়ী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে কমিটি এই হুমকি দেয়।
কমিটির সদস্য সচিব মো. আনোয়ারুল হক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।
লিখিত বক্তব্যে বলা হয়, তাপ বিদ্যুৎ কেন্দ্র প্রতিষ্ঠার পর ১৪টি গভীর নলকূপের মাধ্যমে অবিরাম পানি তোলার ফলে কেন্দ্র সংলগ্ন গ্রামগুালোর কোনো নলকূপে পানি উঠছে না। তাই ২ থেকে ৪ কিলোমিটার দূর থেকে খাবার পানি সংগ্রহ করতে হয়। গোসল ও কাপড়চোপড় পরিস্কারসহ অন্যান্য কাজ করার জন্য তাপ বিদ্যুতের বর্জ্য নিষ্কাষণের ড্রেনের পানি ব্যবহার করার ফলে গ্রামবাসীরা বিভিন্ন চর্মরোগে আক্রান্ত হচ্ছে। পানি সঙ্কটের কারণে চাষাবাদও প্রায় বন্ধ হওয়ার অবস্থা হয়েছে।
এ ব্যাপারে কর্তৃপক্ষের কাছে আবেদন করে কোনো কাজ হয়নি।
তাদের তিনদফা দাবির মধ্যে রয়েছে- ফুলবাড়ী উপজেলার দুধিপুর গ্রামে পিডিবি'র মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ; দুধিপুর, ইছবপুর, রামভদ্রপুর ও শেরপুর গ্রামে বিনামূল্যে খাবার পানি সরবরাহ, চাষাবাদের জন্য জমিতে বিনামূল্যে সেচ সুবিধা প্রদান এবং ফুলবাড়ী ও পার্বতীপুরে নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ সরবরাহ করা।
সংবাদ সম্মেলনে আরো বলা হয়, আগামী ২৫ অক্টোবরের মধ্যে দাবি পূরণ করা না হলে ২৬ অক্টোবর থেকে এলাকায় স্থাপিত তাপ বিদ্যুৎ কেন্দ্রের ১৪টি পানির পাম্প বন্ধ করে দেবে এলাকাবাসী। ফলে বিদ্যুৎ কেন্দ্রে পানি সরবরাহ বন্ধ হয়ে যাবে।
সংবাদ সম্মেলনে সংগ্রাম কমিটির আহবায়ক শফিকুল ইসলাম, সদস্য আব্দুর রহমান, আবুল কালাম আজাদ, সামিদুল ইসলাম, আশরাফুল আলম, শহিদুল ইসলাম বাচ্চু, মফিজুল ইসলাম বাদশা, মাসুদ রানা, মোসলেম উদ্দিন, মাজেদুর রহমান, ইউসুফ আলী ও আব্দুল কাইয়ুম উপস্থিত ছিলেন।
এদিকে জেলা প্রশাসন আগামী ২৫ অক্টোবরের মধ্যে ক্ষতিগ্রস্তদের সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/এমএসবি/২২৩৮ ঘ.
bdnews24