২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কক্সবাজার পৌর মেয়র বরখাস্ত

কক্সবাজার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সরওয়ার কামালকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। (আরো তথ্যসহ)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2010, 01:30 PM

Updated : 25 Aug 2022, 07:26 PM

কক্সবাজার, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - কক্সবাজার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র সরওয়ার কামালকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। কক্সবাজারের 'হোটেল-মোটেল জোনের' জমি বন্দোবস্তের নীতিমালার শর্ত ভঙ্গ করার অভিযোগে তার বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বুধবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখার জ্যেষ্ঠ সহকারী সচিব মোহাম্মদ খলিলুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সরওয়ার কামালকে বরাখাস্তের আদেশ দেওয়া হয়। আরেকটি আদেশে তাকে কেন পৌর কাউন্সিলর ও দায়িত্বপ্রাপ্ত মেয়রের পদ থেকে অপসারণ করা হবে না সাত কর্মদিবসের মধ্যে তার কারণ জানাতে বলা হয়েছে। জেলা প্রশাসক মো. গিয়াস উদ্দিন আহমেদ পৌর মেয়রকে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারির বিষয়টি নিশ্চিত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি এর একটি কপি পেয়েছি।" বরখাস্ত হওয়ার বিষয়টি স্বীকার করে ভারপ্রাপ্ত পৌর মেয়র দাবি করেন, তাকে যে অভিযোগে বরখাস্ত করা হয়েছে ওই ধরনের কোনো ঘটনায় তিনি জড়িত নন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হস্তগত হওয়া ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, দায়িত্বপ্রাপ্ত পৌর মেয়র সরওয়ার কামাল পরিবেশ অধিদপ্তর, সিভিল এভিয়েশন, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষের ছাড়পত্র ছাড়া 'পিছনের তারিখ' দিয়ে কক্সবাজারের 'হোটেল-মোটেল জোনে'র বাতিলকৃত অনেকগুলো প্লটের নকশা অনুমোদন করেছেন। এছাড়া আবেদনপত্রে পে-অর্ডার সংযুক্ত করা বাধ্যতামূলক হলেও তিনি পে-অর্ডার ছাড়াই আবেদনপত্র গ্রহণ করেন। প্রজ্ঞাপন বলা হয়, ভারপ্রাপ্ত পৌর মেয়রকে স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ এর ৩১(১) ধারার বিধান মতে কাউন্সিলর ও মেয়রের দায়িত্ব থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। ভারপ্রাপ্ত মেয়র সরওয়ার বলেন, "পিছনের তারিখ দিয়ে নকশা অনুমোদনের কোনো ঘটনা আমার দপ্তর হয়নি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৫৪ ঘ.