২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঠিয়ায় ব্যবসায়ী খুন

রাজশাহীর পুঠিয়া উপজেলায় এক ব্যবসায়ী খুন হয়েছেন। অন্যদিকে কিশোরগঞ্জের করিমগঞ্জে কুপিয়ে হত্যা করা হয়েছে এক বৃদ্ধকে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Oct 2010, 08:37 AM

Updated : 25 Aug 2022, 07:26 PM

ঢাকা, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজশাহীর পুঠিয়া উপজেলায় এক ব্যবসায়ী খুন হয়েছেন। অন্যদিকে কিশোরগঞ্জের করিমগঞ্জে কুপিয়ে হত্যা করা হয়েছে এক বৃদ্ধকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর রাজশাহী প্রতিনিধি জানান, পুঠিয়ার চক জামিরা গ্রামে মঙ্গলবার রাত ১১টার দিকে খুন হন ব্যবসায়ী সাইফুল ইসলাম (৪০)। তার বাড়ি নাটোর জেলার বড়াইগ্রামের বাহিমালিতে। একটি পতিত জমি থেকে পুলিশ সাইফুলের লাশ উদ্ধার করে। পুলিশ জানায়, সাইফুল পুঠিয়ার বানেশ্বর বাজারে খৈল-ভুসির ব্যবসা করতেন। চক জামিরা গ্রামের জুয়েল তার ব্যবসায়িক অংশীদার ছিলো। ঘটনার পর থেকে জুয়েল পলাতক। নিহতের ছোট ভাই শফিকুল ইসলাম পুলিশকে বলেছেন, মঙ্গলবার বাজারে বেচাকেনা শেষে সাইফুল নগদ ১ লাখ টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। কিন্তু জুয়েল কৌশলে তাকে তার গ্রামে নিয়ে যায় এবং পরিকল্পিতভাবে খুন করে নগদ টাকা লুট করে পালিয়ে যায়। পুঠিয়া থানার ওসি জিয়াউল আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিহতের মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। জুয়েলসহ অজ্ঞাত আরো ৪/৫ জনকে আসামি করে শফিকুল পুঠিয়া থানায় একটি মামলা করেছেন বলে ওসি জানান। কিশোরগঞ্জ প্রতিনিধি জানান, করিমগঞ্জের জাফরাবাদ ইউনিয়নের সাধেরজঙ্গল গ্রামে ওয়াহেদ আলী (৬৫) নামে এক ব্যক্তিকে বুধবার সকালে দা দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকাণ্ডের জন্য একই এলাকার আব্দুল কুদ্দুসের ছেলে বাকপ্রতিবন্ধী শামীম মিয়া ওরফে ভুট্টোকে অভিযুক্ত করেছে স্থানীয়রা। এলাকাবাসীর উদ্ধৃতি দিয়ে করিমগঞ্জ থানার ওসি এমদাদুল হক মিয়া সাংবাদিকদের বলেন, শামীম অনেক দিন ধরে ওয়াহেদ আলীর বাড়িতে থাকতো। তার ধারণা ছিলো, দূর সম্পর্কের আত্মীয় ওয়াহেদ আলী তার জমি দখল করে আছে। এ ধারণা থেকে সে ওয়াহেদকে দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। শামীমকে মারধরের পর স্থানীয়রা পুলিশে তুলে দিয়েছে। নিহতের ছেলে রবি মিয়া বাদি হয়ে থানায় একটি মামলা করেছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৪৩৫ ঘ.