চট্টগ্রাম, অক্টোবর ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে বাকলিয়া থানার কর্ণফুলী সেতুর উত্তর গোল চত্বরে বুধবার ভোরে একটি মাছবাহী ট্রাক খাদে পড়ে দুই মাছ ব্যবসায়ী নিহত হয়েছেন।
নিহতরা হলেন- নগরীর চাক্তাই নতুন ব্রিজ এলাকার আব্দুর রশিদের ছেলে রবি হোসেন (২০) ও পটিয়ার বৌথান গ্রামের বাসিন্দা এজহার মাহমুদ (৩৫)।
দুর্ঘটনায় আরো আট জন গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
সিএমসি'র পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক পংকজ দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আহতদের অবস্থা আশঙ্কাজনক।
আহতরা হলেন, মো.লিটন (১২), শুক্কুর আলী (৩৮), ফয়েজ উদ্দিন (৪০), আল আমিন (১৮), মো.ইয়াসিন (২২), মোমেন (৩০), রাজীব (১৩) ও জুয়েল (১৫)।
বাকলিয়া থানার ওসি মাহবুবুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সেতুর উত্তর অংশের গোল চত্বরে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশে রাখা যাত্রীবিহীন চারটি টেম্পু দুমড়ে মুচড়ে খাদে পড়ে যায়।
ট্রাকটিতে মাছের ড্রামসহ ১৫ জন মাছ ব্যবসায়ী ছিলো জানিয়ে তিনি বলেন, আহত ১০ জনকে হাসপাতালে পাঠানোর পর সেখানে দুজন মারা যান।
ট্রাকটি আটক করা হয়েছে, তবে চালক পলাতক বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএডি/এমআই/১৩৩৩ ঘ.
bdnews24