ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাত শিশু মামলায় সাবেক ডিআইজি আনিসুর রহমানের স্ত্রী আনোয়ারা রহমান আদালতে আত্মসমর্পণ করে জামিন নিয়েছেন। বাদি পক্ষ বলছে এ সুযোগে ওই দম্পতি পালিয়ে যাবে।
ঢাকার ৪ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন আদালতের বিচারক একেএম শামসুল ইসলাম তাকে এ জামিন দেন। আনিসুর পলাতক রয়েছেন।
আনোয়ারার জামিনে ক্ষোভ প্রকাশ করে বাদি পক্ষের আইনজীবী মাহমুদা আক্তার বলেন, "আনোয়ারা এখন তার পলাতক স্বামীকে নিয়ে মামলার দায় এড়াতে দেশের বাইরে পালিয়ে যাবেন।"
এ সময় আসামি পক্ষে রাষ্ট্রপক্ষের কয়েকজন সাক্ষীকে পুনরায় জেরা করার জন্য আবেদন করেন আসামিদের আইনজীবী কাজী মো. সাজাওয়ার হোসাইন।
বিচারক আবেদন মঞ্জুর করে আগামি ১০ নভেম্বর পুনরায় সাক্ষ্য গ্রহণের দিন রাখেন।
গত ৩০ সেপ্টেম্বর আনোয়ারা ও তার স্বামীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন একই বিচারক।
বিচার ফাঁকি দিতে তারা আদালতে হাজির না হয়ে বারবার সময় নেওয়ায় সেদিন সময় আবেদন নাকচ করে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
নারী ও অসুস্থ বিবেচনায় বিচারক এ জামিন মঞ্জুর করেন বলে জানান মাহমুদা। তিনি বলেন, "আদালতে জামিন পাওয়ার জন্য আনোয়ারার পক্ষে একটি চিকিৎসা সনদপত্র দাখিল করা হয়। সেখানে আনোয়ারার বয়স উল্লেখ করা হয় ৩৮ বছর। অথচ মামলা দায়েরের সময় ২০০৬ সালে তার বয়স উল্লেখ করা হয় ৪০ বছর।"
আনিসুর রহমান ও আনোয়ার বেগম এ মামলায় জামিনে ছিলেন। আনোয়ার আরেক মামলায় কারাগারে থাকলেও জামিন পেয়ে কিছুদিন আগে বেরিয়ে আসেন।
নথিপত্র সূত্রে জানা যায়, ২০০৭ সালের ৬ ফেব্র"য়ারি মামলাটি আমলে নেওয়ার পর তিন বছরের বেশি সময় পার হয়ে গেলেও শুধু বাদির সাক্ষ্য শেষ হয়েছে।
২০০৬ সালের ২ জুন অভূতপূর্ব সাত শিশুর ঘটনায় মানবাধিকার বাস্তবায়ন সংস্থার নির্বাহী পরিচালক এলিনা খান বাড্ডা থানায় প্রথমে সাধারণ ডায়েরি ও পরে এজাহার করেন। ২০০৭ সালের ৬ ফেব্র"য়ারি আদালত মামলাটি সরাসরি আমলে নেয়।
এজাহারে বলা হয়, "অভিযুক্তের মোট ১৪ সন্তান। তার মধ্যে সাতজন খুব কম বয়সের শিশু। জন্মতারিখ অনুযায়ী তাদের বয়স প্রায় ১৯ মাস ২২ দিন। অভিযুক্তরা শিশু রহস্যের ঘটনার সঠিক তথ্য সরবরাহ না করে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম তথ্য দেওয়ায় বিতর্ক তৈরি হয়।"
এজাহারে ওই শিশুদের উদ্ধার, আসামিদের গ্রেপ্তার ও আইনগত ব্যবস্থা নেওয়ার প্রার্থনা করা হয়।
২০০৬ সালের ১০ নভেম্বর তদন্তকারী গোয়েন্দা পুলিশ কর্মকর্তা হুমায়ুন কবীর আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়ে অভিযুক্তদের অব্যহতির প্রার্থনা করেন। মামলার বাদি ওই প্রতিবেদনের বিরুদ্ধে নারাজী আবেদন করলে আদালত বাদির আবেদনের সঙ্গে একমত পোষণ করে তা গ্রহণ করেন।
এর আগে সাধারণ ডায়েরিতে সাত শিশুর ডিএনএ টেস্ট করানো ও মেডিক্যাল বোর্ড গঠনের আবেদন করা হয়। ঢাকার মুখ্য মহানগর হাকিম একেএম এনামুল হক সে বছরের ৫ জুন তা মঞ্জুর করেন।
আনোয়ারা, আনিসুরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে অ্যাম্বুলেন্স পাঠানো হলেও বিভিন্ন অজুহাতে তারা হাজির না হয়ে টেস্ট এড়িয়ে যান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/২০৩৩ঘ.
bdnews24