২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যাত্রাবাড়ীতে তিন খুন: জবানবন্দি দিলেন সুমন

যাত্রাবাড়ীর তিন খুনের ঘটনায় নিজের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন নিহত গৃহকর্তার ভাতিজা ও মামলার আসামি তৌফিকুর রহমান সুমন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2010, 02:12 PM

Updated : 25 Aug 2022, 07:08 PM

ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যাত্রাবাড়ীর তিন খুনের ঘটনায় নিজের দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন নিহত গৃহকর্তার ভাতিজা ও মামলার আসামি তৌফিকুর রহমান সুমন। ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক আবদুল মজিদ মুন্সীর খাসকামরায় মঙ্গলবার দুপুর থেকে বিকাল পর্যন্ত তিনি হত্যাকারী হিসাবে নিজের দায় স্বীকার করে জবানবন্দি দেন। সংশ্লিষ্ট আদালতের পুলিশের জেনারেল রেকর্ডিং কর্মকর্তা উপপরিদর্শক শাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। চারদিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে তাকে মঙ্গলবার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশের পরিদর্শক শেখ মাহবুবুর রহমান। এদিকে এ সময় এ মামলায় নতুন গ্রেপ্তার দেলোয়ার হোসেন দিলুকে তিনদিন হেফাজতে জিজ্ঞাসাবাদের অনুমতি দেয় একই আদালত । গত ৩০ সেপ্টেম্বর সকাল ৭টা থেকে ৯টার মধ্যে যাত্রাবাড়ির শহীদ ফারুক সড়কের বাড়িতে তার চাচা মিজানুর রহমান, চাচী বীথি রহমান এবং দাদী সুফিয়া খাতুনকে গুলি ও জবাই করে সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে হত্যা করে। এ ঘটনায় মিজানুরের ছেলে আশিকুর রহমান বাদি হয়ে যাত্রবাড়ি থানায় হত্যা মামলা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/২০০৪ঘ.