ঢাকা, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রশাসনে বড় ধরনের রদবদলে তথ্য ও স্থানীয় সরকার মন্ত্রণালয়সহ ১৭টি দপ্তরের সচিব পরিবর্তন হয়েছে। বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে মৎস্য ও প্রাণীসম্পদ এবং ভূমিসহ চারজন সচিবকে।
সংস্থাপন মন্ত্রণালয়ে একাধিক আদেশে মঙ্গলবার এসব রদবদল করা হয়।
বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওএসডি) হলেন- মৎস্য ও প্রাণীসম্পদ সচিব শরফুল আলম, ভূমি সচিব আতাহারুল ইসলাম, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সচিব আব্দুল মালেক এবং পরিকল্পনা কমিশনের সদস্য নাসির উদ্দিন আহমেদ।
তথ্য সচিব ড. কামাল আব্দুল নাসের চৌধুরীকে শিক্ষা এবং স্থানীয় সরকার বিভাগের সচিব মনজুর হোসেনকে পরিকল্পনা বিভাগে বদলি করা হয়েছে। সংস্কৃতি বিষয়ক সচিব হেদায়েতুল্লাহ আল মামুনকে তথ্য মন্ত্রণালয়ে এবং প্রাথমিক ও গণশিক্ষা সচিব আবু আলম মো. শহিদ খানকে স্থানীয় সরকার বিভাগে পাঠানো হয়েছে।
মুক্তিযুদ্ধ বিষয়ক সচিব উজ্জ্বল বিকাশ দত্তকে মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ে, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগের সচিব মোখলেছুর রহমানকে ভূমি মন্ত্রণালয়ে, পরিকল্পনা বিভাগের সদস্য হাবিব উল্লাহ মজুমদারকে আইএমইডি, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান একেএম আব্দুল আউয়াল মজুমদারকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে সচিব পদে বদলি করা হয়েছে।
সংস্থাপন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মোহাম্মদ সাদিককে নির্বাচন কমিশন সচিবালয়ের ভারপ্রাপ্ত সচিব পদে পাঠানো হয়েছে।
বিটিএমসি'র চেয়ারম্যান মিজানুর রহমানকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ে, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক ড. এম আসলাম আলমকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সুরাইয়া বেগমকে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে ও সরকারি কর্মচারী কল্যাণ বোর্ডের মহাপরিচালক মোহাম্মদ গোলাম কুদ্দুসকে পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের ভারপ্রাপ্ত সচিব এবং সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার ইবাদত আলীকে পরিকল্পনা কমিশনে ভারপ্রাপ্ত সদস্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।
বিপিএটিসি'র রেক্টর দেলোয়ার হোসেনকে ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান, বিপিএটিসি'র এমডিএস মেজবাহ উল আলমকে একই দপ্তরের ভারপ্রাপ্ত রেক্টর এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব রোকেয়া সুলতানাকে প্রাইভেটাইজেশন কমিশনের সদস্য পদে বদলি ও প্রেষণে নিয়োগ করা হয়েছে।
এছাড়া জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) নিয়াজ উদ্দিন মিঞাকে প্রত্যাহার করে সংস্থাপন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব এমএ হান্নান জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হয়েছেন। ওএসডি যুগ্ম-সচিব মোহাম্মদ ইকবালকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব পদে বদলি করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এমআই/১৯০০ ঘ.
bdnews24