২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশ এখন কারাগার: তরিকুল

সরকারের বিরুদ্ধে বিরোধীদলীয় নেতা-কর্মীদের দমনপীড়নের অভিযোগ এনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম বলেছেন, সরকার পুরো দেশকেই কারাগার বানিয়ে ফেলেছে। কাউকে কথা বলতে দেয়া হচ্ছে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2010, 09:24 AM

Updated : 25 Aug 2022, 07:09 PM

যশোর, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারের বিরুদ্ধে বিরোধীদলীয় নেতা-কর্মীদের দমনপীড়নের অভিযোগ এনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম বলেছেন, সরকার পুরো দেশকেই কারাগার বানিয়ে ফেলেছে। কাউকে কথা বলতে দেয়া হচ্ছে না। যশোরের চৌগাছায় সভা করতে না পেরে মঙ্গলবার যশোর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। চৌগাছায় পরপর দুদিন একইস্থানে বিএনপি ও সরকার সমর্থকরা সভা আহ্বান করায় প্রশাসন ১৪৪ ধারা জারি করে সব ধরনের সভা-সমাবেশে নিষেধাজ্ঞা আরোপ করেছে। তরিকুলের অভিযোগ, বিএনপিকে সভা করতে না দেওয়ার পরিকল্পনা করেই এ ঘটনা ঘটানো হচ্ছে। তিনি বলেন, "প্রশাসন বারবার ১৪৪ ধারা জারির মাধ্যমে বিএনপির সভা-সমাবেশ করার গণতান্ত্রিক অধিকার নস্যাৎ করে দিচ্ছে। একের পর এক এটি হতে থাকলে জনগণ রুখে দাঁড়াতে বাধ্য হবে। আশা করি, সে রকম পরিস্থিতি তৈরি হওয়ার আগেই প্রশাসন ও আওয়ামী লীগ নেতাদের বোধোদয় হবে।" সংবাদ সম্মেলনে যশোর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামসুল ইসলাম, সাধারণ সম্পাদক সাবেরুল হক সাবু, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, চৌগাছা উপজেলা বিএনপির সভাপতি জহুরুল হক, সাধারণ সম্পাদক ইউনুস আলী, চৌগাছার পৌর মেয়র সেলিম রেজা আউলিয়া উপস্থিত ছিলেন। গত ১৬ অক্টোবর চৌগাছা শাহাদত পাইলট হাইস্কুল মাঠে বিএনপির সমাবেশে আহবান করেছিলো। সেখানে একই সময়ে মুক্তিযোদ্ধা সংসদ সমাবেশ আহ্বান করায় প্রশাসন ১৪৪ ধারা জারি করে। পরে বিএনপি ১৯ অক্টোবর একইস্থানে সমাবেশ আহ্বান করলে এবার কৃষক লীগ সেখানে সভা ডাকলে প্রশাসন আবার ১৪৪ ধারা জারি করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৫১৫ ঘ.