ব্রাহ্মণবাড়িয়া, অক্টোবর ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রথমে ধর্মঘট এবং পরে দুর্গাপূজা- এ নিয়ে আট দিন বন্ধ থাকার পর আখাউড়া স্থল বন্দরে আমদানি-রপ্তানি আবার শুরু হয়েছে।
বন্দর সংশ্লিষ্টরা জানিয়েছেন, মঙ্গলবার সকাল থেকে বন্দরের কাজ পুরোদমে চলছে।
বন্দর সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়শনের সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ভারতে যাওয়ার জন্য সকাল থেকে ২ শতাধিক পণ্যবাহী ট্রাক বন্দরে এসেছে।"
এ বন্দর দিয়ে উত্তর-পূর্ব ভারতের সাতটি রাজ্যে মেঘালয়, আসাম, মিজোরাম, মনিপুর, নাগাল্যান্ড, ত্রিপুরার পণ্য আনা-নেওয়া হয়। দৈনিক প্রায় দেড় কোটি টাকার পণ্য রপ্তানি এ বন্দর দিয়ে ভারতে যায় বলে বন্দর ব্যবহারকারীরা বলছেন।
ধরখার-আখাউড়া সড়ক সংস্কারের দাবিতে গত ১১ অক্টোবর ধর্মঘটের ডাক দেয় আখাউড়া আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশন ও সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন।
চার দিন ধর্মঘটের পর সড়ক সংস্কারের উদ্যোগ নেওয়া হলে ধর্মঘট প্রত্যাহার করা হয়। তবে এরপর দুর্গাপূজার কারণে ভারতীয় ব্যবসায়ী ও সিঅ্যান্ডএফ এজেন্টরা কাজ না করায় বন্দরে কাজ আর শুরু হয়নি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৫৫ ঘ.
bdnews24