চাঁদপুর, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - চাঁদপুর-শরীয়তপুর নৌপথে মেঘনা নদীতে সোমবার দুটি ফেরি আটকা পড়ায় পারাপার ব্যাহত হয়।
সোমবার সকালে করবী ও কেতকী নামের ফেরি দুটি নদীর হরিণা চ্যানেলের ডুবোচরে আটকা পড়ে। পরে জোয়ার আসায় ফেরি দুটি গন্তব্যে পৌঁছালেও দুর্ভোগে পড়তে হয় বিভিন্ন যানবাহনের শতাধিক যাত্রী ও চালকদের।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) চাঁদপুরের হরিণা ফেরি ঘাটের কর্মকর্তা মো. আবদুল হান্নান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ৯টা ৪০ মিনিটে করবী নামের ফেরিটি শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাটের উদ্দেশ্যে রওনা হয়।
পাঁচটি ট্রাক ও একটি পিকআপ নিয়ে কিছু দূর যাওয়ার পর সকাল ১০টায় হরিণা চ্যানেলের ডুবোচরে আটকে যায় ফেরিটি।
এরপর বেলা ১১টা ২০ মিনিটে কেতকী নামের আরেকটি ফেরি শরীয়তপুরের উদ্দেশ্যে রওনা দিয়ে ২০ মিনিট পর একই চ্যানেলের ডুবোচরে আটকা পড়ে। এই ফেরিতে ২টি বাস ও ৪টি ট্রাক ছিলো।
আবদুল হান্নান জানান, প্রায় তিন ঘণ্টা ফেরি দুটি ডুবোচরে আটকে ছিলো। দুপুর ১টা ৫০ মিনিটে দুটি ফেরিই জোয়ারের সময় শরীয়তপুরের উদ্দেশ্যে ছেড়ে যায়।
তিনি বলেন, "এভাবে চলতে থাকলে বড় জোর আর এক সপ্তাহ ফেরি চালানো যাবে। এরপর আর কোনোভাবেই এই নৌপথে ফেরি চালানো সম্ভব নয়।"
বিআইডব্লিউটিসি'র চাঁদপুর-শরীয়তপুর ফেরি সার্ভিসের ব্যবস্থাপক আবু আলম হাওলাদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডুবোচরের পাশাপাশি রয়েছে মেঘনার বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা মাছ ধরার জাল। এসব জালের কারণে প্রতিনিয়ত ফেরি চলাচল বাধাগ্রস্ত হচ্ছে।
এছাড়া বয়াবাতিরও সমস্যা রয়েছে। কর্তৃপক্ষকে বেশ কয়েকবার বিষয়গুলো জানানো হলেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।
তিনি বলেন, মেঘনায় ফেরি চলাচল স্বাভাবিক রাখতে দ্রুত চ্যানেলটি খনন করা প্রয়োজন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৩৭ ঘ.
bdnews24