পঞ্চগড়, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পঞ্চগড়ে ভারতীয় ছিটমহলে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় সোমবার দুপুর পর্যন্ত বাংলাদেশের আট নাগরিককে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনাটি না জানানোয় জেলার আইনশৃঙ্খলা বিষয়ক জরুরি সভায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সংসদ সদস্য।
পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নে অবস্থিত ভারতের গারাতি ছিটমহলে শুক্রবার রমজান মেকার নামে এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যা করা হয়।
এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে ছিটমহলের আশপাশের বাংলাদেশি নাগরিকরা শনিবার সকালে ওই ছিটমহলে হামলা চালায় এবং আগুন দিয়ে প্রায় দুশ' বাড়ি-ঘর পুড়িয়ে দেয়।
সদর থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান সাংবাদিকদের জানান, সোমবার দুপুরে হাড়িভাষা এলাকা থেকে হামলার মূল হোতা শাহ আলমের ভাই আলমগীর হোসেন (৪৩) ও তার সহযোগী ইয়াসিন আলীকে (৫০) আটক করা হয়।
এর আগে রোববার ভোররাতে শাহ আলমের ছেলে সরওয়ার জাহান জনি (১৮), মোস্তাফিজুর রহমান (১৮), সাইফুল ইসলাম (২০) ও আব্দুল মতিনকে (২০) আটক করা হয়।
এদের সবার বাড়ি হাড়িভাষা ইউনিয়নের টোকা পাড়া গ্রামে।
আটককৃত অন্য দুজন হলেন- ইউনিয়নের ডাবরভাঙ্গা গ্রামের হাসিনুর রহমান (৩২) ও সোনারবান গ্রামের সাইফুল ইসলাম (২৪)।
পুলিশ পরিদর্শক জানান, জেলার পুলিশ সুপারিনটেনডেন্ট শাহরিয়ার রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এহছানুল পারভেজ ও র্যাব কর্মকর্তা ক্যাপ্টেন এজাজের নেতৃত্বে যৌথ অভিযান চালিয়ে এদের আটক করে।
তবে তাদের বিরুদ্ধে বিকাল পর্যন্ত কোনো মামলা হয়নি বলে তিনি জানান।
পুলিশ সুপারিনটেনডেন্ট শাহরিয়ার রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যেহেতু ছিটমহলের ঘটনা সে কারণে একটু আইনগত জটিলতা রয়েছে। তবে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।"
বাংলাদেশি নাগরিককে পিটিয়ে হত্যা, ছিটমহলে অগ্নিসংযোগ ও হামলার ঘটনায় জেলা প্রশাসনের উদ্যোগে সোমবার দুপুরে জরুরি আইনশৃঙ্খলা সভা হয়।
জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য নূরুল ইসলাম সুজন তাকে ঘটনাটি না জানানোয় ক্ষোভ প্রকাশ করেন।
তিনি বলেন, "প্রশাসন এ ব্যাপারে কার্পণ্য দেখাচ্ছে। কিন্তু গণতান্ত্রিক সরকারের সময় প্রশাসনের কাছে জনপ্রতিনিধিরা এমন আচরণ প্রত্যাশা করেন না।"
সভায় সংসদ সদস্য ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য ৫০ হাজার টাকা অনুদান দেন।
পরে তিনি ছিটমহল এলাকা পরিদর্শন করে লোকজনকে শান্ত থাকার আহবান জানান।
জেলা প্রশাসক বনমালী ভৌমিক বলেন, প্রশাসনের পক্ষ থেকে ছিটমহলের লোকজনকে দু'দিন খাদ্য সরবরাহ করা হবে।
এছাড়া সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার সাদাতকে আহবায়ক করে সচেতনতা ও উদ্বুদ্ধকরণ কমিটি করা হয়েছে।
এ কমিটি ছিটমহলের আশপাশের বাংলাদেশি তিন ইউনিয়নে সভা করাসহ স্বাভাবিক জনজীবন ফিরিয়ে আনতে কাজ করবে বলে জেলা প্রশাসক জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮১৮ ঘ.
bdnews24