চট্টগ্রাম, অক্টোবর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামে ১০ ট্রাক অস্ত্র আটকের মামলায় গ্রেপ্তার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল রেজ্জাকুল হায়দারকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা পাঠানো হয়েছে।
সোমবার সকালে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল চট্টগ্রাম কারাগার থেকে তাকে নিয়ে সড়ক পথে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হয়। বিকালে তাদের ঢাকা পৌঁছার কথা।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) চট্টগ্রাম অঞ্চলের বিশেষ সুপারিনটেনডেন্ট মোহাম্মদ মুসলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা জানান।
গত ৯ মার্চ রেজ্জাকুলকে টাস্কফোর্স ফর ইন্টারোগেশন সেলে (টিএফআই) ছয়দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন চট্টগ্রাম মহানগর হাকিম ওসমান গণি।
রেজ্জাকুলকে এ নিয়ে পঞ্চম দফায় জিজ্ঞাসাবাদ করা হবে।
সর্বশেষ গত ৮ ও ১১ ফেব্র"য়ারি ঢাকায় সিআইডি সদর দপ্তরে তাকে দুই দফায় পাঁচদিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হয়।
গত বছর ১৫ মে ঢাকার ওল্ড ডিওএইচএস এর বাসা থেকে রেজ্জাকুলকে গ্রেপ্তার করা হয়। এরপর ১৭ ও ২০ মে দুই দফায় তাকে নয়দিন হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করে সিআইডি।
২০০৪ সালের ১ এপ্রিল রাতে চট্টগ্রামের ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) এর সংরক্ষিত জেটি থেকে ১০ ট্রাক সমপরিমাণ অস্ত্র আটক করে পুলিশ।
এ ঘটনায় অস্ত্র আইন ও চোরাচালানের অভিযোগে পুলিশ পৃথক দুটি মামলা দায়ের করে।
ওই সময় রেজ্জাকুল হায়দার চৌধুরী গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর কাউন্টার ইন্টেলিজেন্স ব্যুরোর (সিবিআই) পরিচালকে দায়িত্বে ছিলেন। পরে তিনি এনএসআই এর মহাপরিচালক নিযুক্ত হন।
১০ ট্রাক অস্ত্র মামলায় গ্রেপ্তার এনএসআই'র সাবেক পরিচালক উইং কমান্ডার অব. শাহাবুদ্দিনের দেওয়া জবানবন্দিতে এ ঘটনায় রেজ্জাকুলের সম্পৃক্ত থাকার বিষয়টি উঠে আসে।
অস্ত্র আটকের ঘটনায় গঠিত পাঁচ সদস্যের তদন্ত দলের সদস্য ছিলেন রেজ্জাকুল।
মামলার সাক্ষী পুলিশের তৎকালীন তিন শীর্ষ কর্মকর্তা তার বিরুদ্ধে তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করার অভিযোগ আনেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/জেবি/এমএসবি/১৬৩৮ ঘ.
bdnews24