২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাতিয়ার চরাঞ্চলে পুলিশ, শিগগিরই অভিযান

নোয়াখালীর হাতিয়া উপজেলার দুর্গম চরাঞ্চলে বনদস্যুদের গত কয়েক দিনের তাণ্ডবের খবর প্রকাশের পর পুলিশ পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2010, 03:56 PM

Updated : 25 Aug 2022, 07:08 PM

নোয়াখালী, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নোয়াখালীর হাতিয়া উপজেলার দুর্গম চরাঞ্চলে বনদস্যুদের গত কয়েক দিনের তাণ্ডবের খবর প্রকাশের পর পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ বলছে, দস্যুদের দমনে শিগগিরই পুলিশ ও র‌্যাব যৌথ অভিযান চালাবে। তবে হতাহতের সংখ্যা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। উপজেলা প্রশাসন বলছে, তারা এ বিষয়ে তথ্য সংগ্রহ করছে। এরপর তারা করণীয় ঠিক করবে। জেলা পুলিশের সুপারিনটেনডেন্ট (এসপি) হারুনুর রশীদ হাযারী রোববার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "চরকে অশান্ত করে যেসব দস্যু বাহিনী মানুষের মধ্যে আতংক সৃষ্টি করছে তাদের গ্রেপ্তারের জন্য আমরা অভিযানে নামছি।" তিনি জানান, অতিরিক্ত সুপারিনটেনডেন্ট মাহবুবুর রশিদের নেতৃত্বে চারটি দলে শতাধিক পুলিশ সদস্য বর্তমানে চর এলাকায় অবস্থান করছে। গত তিনদিনে বনদস্যুদের হামলায় সেখানে কমপক্ষে সাতজন নিহত হয়েছে অভিযোগ করে শুক্রবার একটি মামলা হয় হাতিয়া থানায়। তবে এসপি হারুনুর রশীদ বলেছেন, হতাহতের সংখ্যা সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি। জেলা প্রশাসক সিরাজুল ইসলাম বলেন, ঘটনাস্থল অত্যন্ত দুর্গম। তাই হতাহতের বিষয়টি নিশ্চিত হওয়া যাচ্ছে না। হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হারুনুর রশিদ বলেছেন, গত কয়েক দিনে চরাঞ্চলে দস্যু বাহিনীর হত্যা, অপহরণ, বাড়িঘরে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে। বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের সঙ্গে যোগাযোগ রক্ষা করে এ নিয়ে পরবর্তী পদক্ষেপের দিকে তারা অগ্রসর হচ্ছেন। হাতিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন কিরণ স্থানীয় কয়েকটি সূত্রের উদ্ধৃতি দিয়ে দাবি করেন, চর বাশার, চর জাহাজিয়া, চর নঙ্গলিয়া, নলেরচর ও কেরিংচরে এ পর্যন্ত কমপক্ষে ৩৫ জনকে পিটিয়ে ও জবাই করে হত্যা করেছে দস্যুরা। এছাড়া পঞ্চাশজনের বেশি মানুষকে অপহরণ এবং তিনশ'র বেশি বাড়িতে আগুন ধরিয়ে দেয় তারা। তবে ঘটনাস্থল থেকে হাতিয়া থানার ওসি জহিরুল ইসলাম সন্ধ্যায় মোবাইল ফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা হতাহতের সঠিক তথ্য সংগ্রহের চেষ্টা করছি। পাশাপাশি বিভিন্ন দস্যু বাহিনীর সদস্যদের গ্রেপ্তারেরও চেষ্টা চলছে। কিন্তু এখন পর্যন্ত কোনো লাশ বা খুনের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।" স্থানীয় বাসিন্দারা জানান, গত মঙ্গলবার হাতিয়ার চর বাশার, চর জাহাজিয়া, চর নঙ্গলিয়া, নলেরচর ও কেরিংচরে বনদস্যু নাসির কমাণ্ডারের সঙ্গে মিয়া সিকদার বাহিনী, মুন্সিয়া বাহিনী ও গিয়াস বাহিনীর কয়েক দফা বন্দুকযুদ্ধ হয়। এক পর্যায়ে তিনটি বাহিনীর সদস্যরা চর থেকে পালিয়ে গেলে নাসির বাহিনী চরের নিয়ন্ত্রণ নিয়ে সেখানে হত্যা, অপহরণ, বাড়িঘরে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটায়। সাতজনকে হত্যার অভিযোগ এনে শুক্রবার হাতিয়া থানায় মামলা করেন চানন্দী ইউনিয়নের নলের চরের নাজিম উদ্দিন। তিনি বলছেন, তার বাবা নলের চরের জনতা বাজার কমিটির সভাপতি ইব্রাহীম উদ্দিনকে (৬৪) খুন করেছে দস্যুরা। মামলায় আর যাদের নিহত বলা হচ্ছে, তারা হলেন- আফছার উদ্দিন (৩৬), কামাল উদ্দিন (৩৫), রফিক উদ্দিন (৩৫), দুলাল উদ্দিন (৪০), বেলাল মাঝি (৩৮) ও মোহাম্মদ খালেক (৪৫)। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এমএসবি/২১৫২ ঘ.