নারায়ণগঞ্জ, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - নারায়ণগঞ্জের ফতুল্লা ও সোনাগাঁওয়ে দুই কিশোরী ধর্ষণের শিকার হয়েছে।
শনিবার রাতের এ দুটি ঘটনায় জড়িত অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের বরাত দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি জানান, নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানাধীন ধর্মগঞ্জ চটলার মাঠ এলাকায় শনিবার রাতে পোশাককর্মী এক কিশোরী ধর্ষণের শিকার হয়।
এই ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।
এরা হলেন- ফতুল্লার ধর্মগঞ্জ এলাকার শাহ আলম (৪২) ও একই এলাকার মিজানুর রহমান (৩৮)।
ফতুল্লা মডেল থানা এলাকার দায়িত্বে থাকা সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট মো. রিয়াজুল কবির সাংবাদিকদের জানান, শনিবার বিকালে ওই পোশাকর্মী ধর্মগঞ্জে তার বড় বোনের বাড়ি বেড়াতে যায়।
রাত সাড়ে ১০টায় বাড়ি ফেরার পথে একই এলাকার শাহ আলম তাকে একটি রিকশা গ্যারেজে ডেকে নিয়ে এই ঘটনা ঘটায়।
এ ঘটনায় ওই কিশোরী বাদি হয়ে একটি মামলা করেছে।
এএসপি জানান, অন্য ধর্ষকদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
শনিবার রাতে সোনারগাঁও উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের কামারগাঁও এলাকায় আরেকটি ধর্ষণের ঘটনা ঘটেছে।
পুলিশ বলেছে, নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁও) আসনের সংসদ সদস্য কায়সার হাসনাতের পরিত্যক্ত জঙ্গল বাড়িতে এই ঘটনা ঘটায় দুর্বৃত্তরা।
সোনারগাঁও থানার ওসি মো. ইউনুস আলী জানান, কয়েকদিন আগে উপজেলার মোগড়াপাড়া ইউনিয়নের মঙ্গলেরগাঁও গ্রামের ১৫ বছর বয়সী কিশোরীর সঙ্গে হৃদয় নামের এক যুবকের মোবাইল ফোনে পরিচয় হয়।
এক পর্যায়ে তাদের মধ্যে প্রেমের সর্ম্পক গড়ে উঠে। শনিবার সন্ধ্যায় হৃদয় ফোনে কিশোরীকে মোগড়াপাড়া পূজামণ্ডপে আসতে বলে।
মেয়েটি পূজামণ্ডপে এলে অজ্ঞাত দুই যুবক হৃদয়ের বন্ধু পরিচয় দিয়ে জানায়, হৃদয় কামারগাঁও এলাকায় এমপি কায়সার হাসনাতের পরিত্যক্ত জঙ্গল বাড়িতে অপেক্ষা করছে।
পরে মেয়েটি তাদের সঙ্গে গেলে দুর্বৃত্তরা তাকে ধর্ষণ করে পালিয়ে যায়।
ওসি জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে। ধর্ষকদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৯৪৮ ঘ.
bdnews24