বাগেরহাট, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাগেরহাট শহরে একটি 'পাগলা' কুকুরের কামড়ে কমপক্ষে ১৯ ব্যক্তি আহত হয়েছে।
এদের মধ্যে একজনের হাতের আঙুল বিচ্ছিন্ন হয়ে গেছে।
শনিবার দুপুরে শহরের মুনিগঞ্জ, হাড়িখালী এবং শহর সংলগ্ন কাড়াপাড়া ইউনিয়নের মাঝিডাঙ্গা ও ষাটগম্বুজ স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। পরে এলাকাবাসী কুকুরটিকে মেরে ফেলে।
সদর হাসপাতাল ও বাগেরহাট পৌরসভায় পর্যাপ্ত প্রতিষেধক না থাকায় আহতরা এ ব্যাপারে উদ্বেগ প্রকাশ করেছে।
সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. বিদ্যুৎ কান্তি পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কুকুরের আক্রমণে আহত ১১ ব্যক্তি সদর হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসেন।"
"আহত ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। হাসপাতালে জলাতঙ্কের পর্যাপ্ত টিকা না থাকায় রোগীদের বাগেরহাট পৌরসভা থেকে টিকা সংগ্রহ করার পরামর্শ দেওয়া হয়েছে।"
আহতরা হলেন- মাঝিডাঙ্গা গ্রামের লালবানু (৪৮), সোমা আক্তার (১৩), শারমিন (১৬), আজগর আলী (৪৫), হালিমুন বেগম (৫২), রিজিয়া বেগম (৫০), হাজেরা বেগম (৬০), ষাটগম্বুজ স্টেশন এলাকার আব্দুল গনি (৪৮), হাড়িখালী এলাকার নিজামূল হক বিশ্বাস (৬০) ও মিজানুল হক (৫৪) এবং বাগেরহাট সদর হাসপাতাল সংলগ্ন মুনিগঞ্জ এলাকার নাজমা আক্তার নাজু (৩৫)।
এলাকাবাসী জানায়, কুকুরটি শহরের কাছাকাছি দেয়ালবাড়ি এলাকা থেকে আসে। কুকুরের কামড়ে ওই সব এলাকার আরো অন্তত ৮ জন আহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসা নিতে যায়নি।
হাড়িখালী এলাকার আহত নিজামুল হক বিশ্বাস বলেন, "বাড়ির সামনের রাস্তায় লাল রঙের একটি কুকুর আমার ওপর ঝাঁপিয়ে পড়ে। এক পর্যায়ে বাম হাতের কনিষ্ঠ আঙুল কামড়ে ছিঁড়ে নিয়ে যায়।"
বাগেরহাট সদর হাসপাতাল থেকে প্রাথমিক চিকিৎসা শেষে তিনি জলাতঙ্কের টিকা কিনে ব্যবহার করছেন বলে জানান তিনি।
মাঝিডাঙ্গা এলাকার আজগর আলী জানান, লাল কুকুরটি তার বাড়ির উঠানে একটি গরু ও একটি ছাগলকে কামড়ে দিলে তিনি কুকুরটি তাড়াতে যান। এ সময় কুকুরটি তাকে কামড়ে দেয়।
তিনি বাগেরহাট সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং তার পোষা গরু ও ছাগলটি বাগেরহাট পশু হাসপাতালে নিয়ে চিকিৎসা করিয়েছেন।
বাগেরহাট পৌরসভার মেয়র খান হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "কুকুরের কামড়ে আহত ১৪-১৫ জন টিকার জন্য আবেদন করেছেন। পৌরসভার পক্ষ থেকে তাদের টিকা সংগ্রহ করে দেওয়া হবে।"
বেওয়ারিশ কুকুর মারার জন্য চট্টগ্রাম থেকে বিষ আনার জন্য লোক পাঠানো হয়েছে বলে জানান তিনি।
মেয়র বলেন, সেপ্টেম্বর মাসে বাগেরহাট পৌরসভার পক্ষ থেকে শহরে অভিযান চালিয়ে ১৮২টি বেওয়ারিশ কুকুর নিধন করা হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেবি/এমএসবি/১৯২৮ ঘ.
bdnews24