পঞ্চগড়, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - পঞ্চগড়ে ভারতীয় ছিটমহলের পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে বলে পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী জানিয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশি এলাকায় পুলিশ ও বিডিআরের টহর জোরদার করা হয়েছে।
শান্তি বজায় রাখতে রোববার আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর কর্মকর্তারা জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সঙ্গে একাধিক সভা করেছেন।
এছাড়া বিডিআর রংপুর সেক্টর কমান্ডারসহ উর্ধ্বতন কর্মকর্তারা ছিটমহল পার্শ্ববর্তী বাংলাদেশি এলাকা পরিদর্শন করেছেন।
শনিবার রমজান মেকার নামে এক বাংলাদেশিকে পিটিয়ে হত্যার পর পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাষা ইউনিয়নসহ আশপাশের তিনটি ইউনিয়নের প্রায় দুই হাজার মানুষ হাড়িভাষায় ভারতের গারাতি ছিটমহলে হামলা করে। হামলায় প্রায় দুশ' ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা।
খুনের সঙ্গে জড়িত সন্দেহে ছিটমহলের তিনজনকে আটক করা হয়েছে। তাদের ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পঞ্চগড় সদর থানার উপ-পরিদর্শক (এসআই) রাসেল মাহমুদ।
পুলিশ, বিডিআর ও স্থানীয়রা জানান, রোববার বিকালে হাড়িভাষা ইউনিয়নের পাহাড়তলী স্কুলমাঠ ও হাফিজাবাদ ইউনিয়নের পুকুরী ডাঙ্গা বিদ্যালয় মাঠে পুলিশ ও বিডিআরের কর্মকর্তারা এলাকার লোকজনের সঙ্গে পৃথক দুটি সভা করেছেন।
কর্মকতারা নতুন করে কোনো অনাকাঙ্খিত ঘটনা যাতে না ঘটে সেজন্য লোকজনকে সতর্ক করে দেন।
একই সঙ্গে নিজেদের হাতে আইন তুলে না নিয়ে কোনো কিছু ঘটলে সংশ্লিষ্টদের জানাতে বলেন।
তারা ছিটমহলের মানুষের সঙ্গে ভ্রাতৃত্বসুলভ সম্পর্ক বজায় রাখতেও আহবান জানান।
এসব বৈঠকে উপস্থিত ছিলেন- পঞ্চগড়ের পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) শাহারিয়ার রহমান, ২৫ রাইফেলস ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক মেজর এ কে এম হাসিবুল হোসেন নবী, সহকারী পুলিশ সুপারিনটেনডেন্ট (এএসপি-সার্কেল) শাহাব উদ্দীন, সদর থানার ওসি জমির উদ্দীন, হাড়িভাষা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল হোসেন প্রমুখ।
এর আগে রংপুর সেক্টর কমান্ডার কর্নেল খায়রুজ্জামান, পঞ্চগড় ২৫ রাইফেলস ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর মাসুদুল ইসলামসহ উর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা ছিটমহলের পার্শ্ববর্তী বাংলাদেশি এলাকা পরিদর্শন করে লোকজনকে শান্ত থাকার আহবান জানান।
রোববার সরেজমিন গিয়ে ছিটমহলের চারদিকে বাংলাদেশি এলাকায় পুলিশ ও বিডিআরকে টহল দিতে দেখা গেছে।
ছিটমহলের নাগরিকরাও নিজেদের বাড়িতে ফিরতে শুরু করেছে।
নাম প্রকাশ না করে তাদের অনেকেই জানায়, তারা আবারো হামলার আশঙ্কা করছে।
ছিটমহল নাগরিক কমিটির সভাপতি মফিদার রহমান জানান, লোকজন ছিটমহলে তাদের ক্ষতিগ্রস্ত বসতভিটায় ফিরে এসেছে।
তিনি বলেন, নানা সূত্রে তারা জানতে পেরেছেন আবারো তাদের ওপর আবারো হামলা হতে পারে।
তিনি বাংলাদেশি প্রশাসনের কাছে ছিটমহলবাসীর নিরাপত্তার দাবি জানিয়েছেন।
সদর থানার ওসি মো. জমির উদ্দিন জানান, এলাকায় পুলিশ ও বিডিআরের যৌথ টহল জোরদার করা হয়েছে। পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক হয়ে এসেছে।
তিনি বলেন, আবার যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য তারা সতর্ক আছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএসবি/১৮৫৩ ঘ.
bdnews24