কক্সবাজার, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলীর সার্ফিং পয়েন্টে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া ছাত্রের লাশ রোববার উদ্ধার হয়েছে।
নিহত রিফাত (২২) সিলেট লিডিং বিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রথম বর্ষের ছাত্র ছিলেন। তিনি সিলেট সদরের তাঁতিপাড়া গ্রামের আবু আশরাফের ছেলে।
পুলিশ জানিয়েছে, কলাতলীর সার্ফিং পয়েন্টের প্রায় ৯ কিলোমিটার দূরে নাজিরারটেক উপকূল থেকে সকাল সাড়ে ১০টার দিকে রিফাতের ভাসমান লাশ উদ্ধার করা হয়।
কক্সবাজার মডেল থানার ওসি মো. শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, লাশটি থানায় আনার পর স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
সিলেট থেকে শুক্রবার চার বন্ধুসহ রিফাত কক্সবাজার আসেন। এরপর শনিবার বেলা সাড়ে ১১টার দিকে তারা সমুদ্রে গোসল করতে নামেন। ওই সময় ঢেউয়ের তোড়ে সবাই সাগরে ভেসে যায়। এরপর রিফাত ছাড়া অন্যদের শনিবারই জীবিত উদ্ধার করা হয়।
ইয়াসির লাইফ গার্ড স্টেশনের পরিচালক মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার সকালে রিফাতের লাশ জোয়ারের পানিতে নাজিরাটেক উপকূলে ভেসে আসে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এজে/১৪৫৩ ঘ.
bdnews24