২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জে আরেকজন গ্রেপ্তার, গণসাক্ষ্য স্থগিত

সিরাজগঞ্জে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমাবেশস্থলের কাছে ট্রেনে কাটা পড়ে হতাহত এবং এর জেরে সহিংসতার ঘটনায় পুলিশ রোববার আরো একজনকে গ্রেপ্তার করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2010, 06:26 AM

Updated : 25 Aug 2022, 07:08 PM

সিরাজগঞ্জ, অক্টোবর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সমাবেশস্থলের কাছে ট্রেনে কাটা পড়ে হতাহত এবং এর জেরে সহিংসতার ঘটনায় পুলিশ রোববার আরো একজনকে গ্রেপ্তার করেছে। ওদিকে গত সোমবারের ওই ঘটনা তদন্তে সিরাজগঞ্জ জেলা প্রশাসন গঠিত কমিটির গণসাক্ষ্যগ্রহণ কার্যক্রম বিজয়া দশমী উপলক্ষে রোববারের জন্য স্থগিত করা হয়েছে। তবে তদন্তের অন্যান্য কার্যক্রম অব্যাহত রয়েছে বলে কমিটির এক সদস্য জানিয়েছেন। গ্রেপ্তারকৃত সবুজ চৌধুরী (৩৫) সিরাজগঞ্জের রহমতগঞ্জ এলাকার প্রয়াত গাজী চৌধুরীর ছেলে। সিরাজগঞ্জের সয়দাবাদে গত সোমবার খালেদা জিয়ার সমাবেশস্থলের কাছে ট্রেনে কাটা পড়ে অন্তত পাঁচজন নিহত হয়। এরপর বিএনপি নেতা-কর্মীরা দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটিতে আগুন ধরিয়ে দেয়। বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) আসলাম হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, ভিডিও ফুটেজ দেখে রোববার ভোররাতে নিজ বাড়ি থেকে বিএনপি সমর্থক সবুজকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে ওই ঘটনায় গ্রেপ্তারের সংখ্যা দাঁড়ালো ৫৮। জেলা প্রশাসনের তদন্ত কমিটির সদস্য রেলওয়ের বিভাগীয় পরিবহন কর্মকর্তা (পাকশি) শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, বিজয়া দশমী উপলক্ষে গণসাক্ষ্যগ্রহণ রোববারের জন্য স্থগিত করা হয়েছে। তবে তদন্তের অন্যান্য কার্যক্রম চলছে। সোমবার সকালে আবারো গণসাক্ষ্যগ্রহণ শুরু হবে। দুর্ঘটনা তদন্তে রেলওয়ে পাঁচ সদস্যের এবং জেলা প্রশাসন চার সদস্যের কমিটি গঠন করে। বৃহস্পতিবার তদন্তদল ঘটনাস্থল পরিদর্শন করে। একইদিন ওই ঘটনার প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য দেওয়ার আহ্বান জানিয়ে সংবাদপত্রে গণবিজ্ঞপ্তি দেওয়া হয়। জেলা প্রশাসনের তদন্ত কমিটি শুক্রবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে গণসাক্ষ্যগ্রহণ শুরু করে। প্রথম দিন সাক্ষ্য দেন দ্রুতযান এক্সপ্রেসে দুর্ঘটনার দিন কর্তব্যরত সহকারী কনডাক্টর জেএস মুখার্জি, টিকেট চেকার নুরুল ইসলাম, ট্রেনের কর্মী মো. ইব্রাহিম, আব্দুল হাই, ফজলুল হক ও দুলাল। এছাড়া স্থানীয় ছয় ব্যক্তিও সাক্ষ্য দেন। শনিবার দ্বিতীয় দিন কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপক রঞ্জন অধিকারীর কাছে লিখিত সাক্ষ্য দেন ট্রেনের চালকসহ ছয় রেলকর্মী। তারা হলেন- ট্রেনের প্রধান চালক আছির উদ্দিন, সহকারী চালক রাজগোবিন্দ দাস, বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় ইব্রাহিমাবাদ স্টেশনের মাস্টার মহিউল হোসেন, কামারখন্দ উপজেলার জামতৈল স্টেশনের মাস্টার আকবর হোসেন, মুলিবাড়ী রেলক্রসিংয়ের গেটম্যান হীরামন দাস ও পার্বতীপুর জিআরপি থানার এএসআই গোলাম তৌহিদ। এছাড়াও পুলিশ কনস্টেবল শহিদ, কাযেম, তোফাজ্জল, আজিজ ও শফিকুল এবং ট্রেনের বুফেকার কর্মচারী ও পরিচারকরাও এদিন সাক্ষ্য দেন। তদন্ত দলের সদস্য সিরাজগঞ্জ জিআরপি থানার ওসি বিমল কুমার চাকী শনিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা সেদিনের ঘটনার বিস্তারিত তুলে ধরেছেন। সেদিন ঘটনাস্থলে দায়িত্বপালনকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হোসেন বাদি হয়ে শুক্রবার বঙ্গবন্ধু সেতু (পশ্চিম) থানায় মামলা করেন। এ নিয়ে ওই ঘটনায় মামলার সংখ্যা ৮-এ দাঁড়িয়েছে। নিজে আহত হওয়ার ঘটনায় এ মামলাটি করেছেন ইউএনও। এতে আসামি করা হয়েছে অজ্ঞাতনামা ২ থেকে ৩ হাজার জনকে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এজে/১২১৭ ঘ.