ঢাকা, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জরুরি ভিত্তিতে বিদ্যুৎ ও জ্বালানি আমদানির বিশেষ আইন বাতিলের দাবি জানিয়েছে তেল-গ্যাস সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।
শনিবার রাজধানীর বিয়াম ফাউন্ডেশনে সাপ্তাহিক পত্রিকা আয়োজিত 'বিদ্যুৎ সংকট,সমাধান ও জনস্বার্থ' শীর্ষক এক গোলটেবিল বৈঠকে এ দাবি জানানো হয়।
জরুরি ভিত্তিতে বিদ্যুৎ ও জ্বালানি আমদানির জন্য গত ৩ অক্টোবর জাতীয় সংসদে 'বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) বিল-২০১০' পাস হয়।
এর ফলে সরকার ও সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান প্রয়োজনে বিদেশ থেকে বিদ্যুৎ বা জ্বালানির আমদানি ও তার সঞ্চালন, পরিবহন ও বিপণন সংক্রান্ত পরিকল্পনার প্রস্তাব গ্রহণ করতে পারবে। এজন্য সরকারকে কোনো জবাবদিহি করতে হবে না। এই আইনের আওতায় গৃহীত কোনো কার্য, ব্যবস্থা, প্রদত্ত আদেশ বা নিদের্শের বৈধতা সর্ম্পকে কোনো আদালতে প্রশ্ন তোলা যাবে না।
জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, সরকার জনগণের সঙ্গে প্রতারণা করছে। এখন তারা বুঝতে পারছে জনগণ এ বিষয়ে সচেতন। তাই তারা শঙ্কিত।
তিনি বলেন, ইতোমধ্যেই তারা অপরাধ এবং দুর্নীতিমূলক তৎপরতা করেছে। ভবিষ্যতেও করবে। সরকার জানে জনগণ এসব প্রতিহত করবে। তাই তারা এ বিশেষ বিল করেছে।
বিচারপতি গোলাম রাব্বানী বলেন, "এই আইনের যে প্রস্তাবনা রয়েছে সেটাই একটা ধাপ্পা কথা। উদ্দেশ্যইতো আইনসম্মত নয়। এ আইনের ফলে যে রিট করা যাবেনা বলা হচ্ছে- তা ভুল। এটা জনগণের মৌলিক অধিকার, রিট করার মৌলিক অধিকার জনগণের রয়েছে। এ সরকারকে জনস্বার্থ বিরোধী কাজ করার জন্য নির্বাচিত করা হয়নি।"
অবিলম্বে সরকারকে আইনটি বাতিলের আহ্বান জানান তিনি।
অধ্যাপক এম এম আকাশ বলেন, এই সরকার বিদেশীদের প্রতি বায়াস। কারণ, পিডিবির দক্ষতা থাকা সত্ত্বেও বিদেশী বহুজাতিক প্রতিষ্ঠানকে দেশের জাতীয় সম্পদেও অধিকার দেওয়া হচ্ছে। ফলে তারা দেশের সম্পদের উপর কর্তৃত্ব করার অধিকার পাচ্ছে।
বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সাপ্তাহিক পত্রিকার সহকারী সম্পাদক শুভ কিবরিয়া। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন প্রকৌশলী মুহম্মদ শহীদুল্লাহ, হায়দার আকবর খান রনো, রুহিন হোসেন প্রিন্স, অধ্যাপক আবু আহমেদ, জোনায়েদ সাকী প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/জেএফ/এইচএ/২২০০ ঘ.
bdnews24