২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাতিয়ায় আবার সক্রিয় বনদস্যু দল

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার দুর্গম চরাঞ্চলে বনদস্যু বাহিনী আবার মাথাচাড়া দিয়ে উঠেছে বলে স্থানীয়রা বলছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Oct 2010, 03:58 PM

Updated : 25 Aug 2022, 07:07 PM

নোয়াখালী, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার দুর্গম চরাঞ্চলে বনদস্যু বাহিনী আবার মাথাচাড়া দিয়ে উঠেছে বলে স্থানীয়রা বলছে। গত তিন দিনে অন্তত সাতজন নিহত হয়েছে- এ অভিযোগ এনে শুক্রবার একটি মামলা হয়েছে হাতিয়া থানায়। তবে পুলিশ এ হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করতে পারেনি। স্পষ্ট করে কিছু বলতে পারেনি উপজেলা প্রশাসনও। স্থানীয়রা বলছে, কয়েক বছর আগের মতো চর নঙ্গলিয়া, নলেরচর ও কেরিংচরে আবারও তাণ্ডব শুরু করেছে বনদস্যু বাহিনী। সাতজনকে হত্যার অভিযোগ এনে মামলাটি করেছেন চানন্দী ইউনিয়নের নলের চরের নাজিম উদ্দিন। তিনি বলছেন, তার বাবা নলের চরের জনতা বাজার কমিটির সভাপতি ইব্রাহীম উদ্দিনকে (৬৪) খুন করেছে দস্যুরা। মামলায় আর যাদের নিহত বলা হচ্ছে, তারা হলেন- আফছার উদ্দিন (৩৬), কামাল উদ্দিন (৩৫), রফিক উদ্দিন (৩৫), দুলাল উদ্দিন (৪০), বেলাল মাঝি (৩৮) ও মোহাম্মদ খালেক (৪৫)। নাজিরের অভিযোগ, বনদস্যু নাসির কমান্ডার, বোরহান সিকদার, বুলুমাঝি ও খলিল কমান্ডার এবং তাদের সহযোগীরা হত্যাকাণ্ড ঘটাচ্ছে। এ বিষয়ে যোগাযোগ করা হলে হাতিয়া থানার ওসি জহিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পুলিশ অভিযোগটি খতিয়ে দেখছে।" উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হারুনুর রশিদও বলেন, গত কয়েক দিন ধরে বনদস্যু বাহিনীর হামলা-লুটপাটের কথা তিনি শুনেছেন। তবে সঠিক কোনো তথ্য না পাওয়ায় নিশ্চিত করে কিছু বলতে পারছেন না তিনি। বুড়িরচর ইউনিয়ন পরিষদের সদস্য হানিফ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দস্যুরা শনিবার সকালেও কয়েকজনকে হত্যা করেছে। এছাড়া মুজিব বাজার আওয়ামী লীগের সভাপতি নুরুল ইসলাম মাঝি ও তার পরিবারকে একটি ঘরে আটক করে রেখেছে। হাতিয়ার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন কিরনও জানান, নুরুল ইসলাম উদ্ধারের জন্য হাতিয়ার সাংবাদিকদের মোবাইল টেলিফোনে আকুতি জানিয়েছেন। এ খবর পুলিশকে জানানো হয়েছে। নলেরচর গৌর নিতাই মন্দিরের সভাপতি কিশোর চন্দ্রদাস ও কেরিং চরের রাধাকৃষ্ণ মন্দির পুজা মণ্ডপের সাধারণ সম্পাদক অজয় দাস টেলিফোনে সাংবাদিকদের বলেন, তাদের হত্যার হুমকি দিচ্ছে দস্যুদল। দুর্গম ওই এলাকাগুলো থেকে পালিয়ে আসতেও বাধা দেওয়া হচ্ছে। দস্যু বাহিনীর তৎপরতার কথা জানালেন জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি, হাতিয়ার সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীও। তিনি বলেন, চর দখলের জন্য দস্যুদল আবার মাথাচাড়া দিয়ে উঠেছে। মোহাম্মদ আলীর অভিযোগ, বর্তমান সংসদ সদস্য ফজলুল আজিম দস্যুদের মদদ দিচ্ছেন। তার এ অভিযোগের প্রতিক্রিয়া জানতে সাবেক বিএনপি নেতা আজিমের সঙ্গে মোবইল ফোনে যোগাযোগের চেষ্টা চালানো হলেও তাকে পাওয়া যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/২১৪৫ ঘ.