গাজীপুর, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক দুই আসামিকে গ্রেপ্তার করেছে গাজীপুর পুলিশ।
সদর উপজেলার লক্ষ্মীপুরা ও সাফাইশ্রী গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
এরা হলো- জয়দেবপুর থানার মারিয়ালি গ্রামের জুলহাস (২৬) এবং একই এলাকার হাসমত আলী হাসু (২৯)।
জয়দেবপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ওয়াহিদুজ্জামান মিঠু শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জয়দেবপুর থানা পুলিশ শনিবার দুপুর ৩টার দিকে জুলহাসকে এবং কাপাসিয়া থানা পুলিশ শুক্রবার রাতে ওই থানার সাফাইশ্রী এলাকা থেকে হাসুকে গ্রেপ্তার করে।
এরা সদর উপজেলার পরিবহনগুলোতে চাঁদাবাজি করতো বলে জানান এএসআই মিঠু শেখ।
২০০৩ সালের জুন মাসে চাঁদাবাজির টাকা ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে হাসু, জুলহাস ও বাবুলের সঙ্গে অপর সহযোগী বিল্লাল হোসেনের (২৬) বিরোধ হয়। এরই জের ধরে খুন হয় বিল্লাল।
এ হত্যা মামলায় গাজীপুরের অতিরিক্ত জেলা দায়রা জজ আদালত ২০১০ সালের ২২মার্চ ওই তিনজনকে মৃত্যুদণ্ড দেন বলে পুলিশ জানায়। তবে অপর আসামি বাবুল হোসেন (২৫) এখনো পলাতক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৯৩৩ ঘ.
bdnews24