কক্সবাজার, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলীর সার্ফিং পয়েন্টে গোসল করতে নেমে সিলেটের এক বিশ্ববিদ্যালয় ছাত্র নিখোঁজ হয়েছেন।
নিখোঁজ রিফাত (২২) সিলেট লিডিং বিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রথম বর্ষের ছাত্র। তিনি সিলেট সদরের তাতিপাড়া গ্রামের আবু আশরাফের ছেলে।
পুলিশ জানায়, সকাল সাড়ে ১১টার দিকে রিফাত তার চার বন্ধুর সঙ্গে গোসল করতে নামেন। ওই সময় ঢেউয়ের তোড়ে সবাই ভেসে যান। অন্য চারজনকে উদ্ধার করা গেলেও বিকাল ৫টা পর্যন্ত রিফাতের সন্ধান মেলেনি।
রিফাতের বন্ধুরা হলেন- তোফায়েল আলী (২২), রুমেল আহমদ (২০), সাকের উদ্দিন (২২) ও পলাশ (২১)। সৈকতে উদ্ধার তৎপরতায় নিয়োজিত বেসরকারি সংস্থা ইয়াসির লাইফ গার্ড স্টেশনের ডুবুরীরা তাদের তুলে আনে।
ইয়াসির লাইফ গার্ড স্টেশনের পরিচালক মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রিফাতের সন্ধান চালিয়ে যাচ্ছেন ডুবুরীরা।
তোফায়েল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সিলেট থেকে শুক্রবার তারা কক্সবাজার আসেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/এমআই/১৮৫৮ ঘ.
bdnews24