সিরাজগঞ্জ, অক্টোবর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জ জেলা প্রশাসন গঠিত তদন্ত কমিটিতে সাক্ষ্য দিয়েছেন দ্রুতযান এক্সপ্রেসের চালকসহ রেলকর্মীরা।
এদিকে ওই ঘটনায় আরো একটি মামলা হয়েছে। ট্রেনে আগুন দেওয়ায় জড়িত থাকার অভিযাগে গ্রেপ্তার হয়েছেন আরো একজন।
সিরাজগঞ্জের সয়দাবাদে গত সোমবার খালেদা জিয়ার সমাবেশস্থলের কাছে ট্রেনে কাটা পড়ে অন্তত পাঁচজন নিহত হয়। এরপর বিএনপি নেতা-কর্মীরা দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটিতে আগুন ধরিয়ে দেয়।
ওই ঘটনা তদন্তে জেলা প্রশাসন ও রেলওয়ে দুটি তদন্ত কমিটি গঠন করে। জেলা প্রশাসনের তদন্ত কমিটি শনিবার দ্বিতীয় দিনের মতো গণসাক্ষ্য নিয়েছে। ওই ঘটনার প্রত্যক্ষদর্শীদের সাক্ষ্য দেওয়ার আহ্বান জানিয়ে বৃহস্পতিবার সংবাদপত্রে গণবিজ্ঞপ্তি দেওয়া হয়।
শনিবার দিনভর জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে কমিটির প্রধান অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দীপক রঞ্জন অধিকারীর কাছে লিখিত সাক্ষ্য দেন ট্রেনের চালকসহ ছয় রেলকর্মী।
তারা হলেন- ট্রেনের প্রধান চালক আছির উদ্দিন, সহকারী চালক রাজগোবিন্দ দাস, বঙ্গবন্ধু সেতুর পশ্চিমপাড় ইব্রাহিমাবাদ স্টেশনের মাস্টার মহিউল হোসেন, কামারখন্দ উপজেলার জামতৈল স্টেশনের মাস্টার আকবর হোসেন, মুলিবাড়ী রেলক্রসিংয়ের গেটম্যান হীরামন দাস ও পার্বতীপুর জিআরপি থানার এএসআই গোলাম তৌহিদ।
তদন্ত দলের সদস্য সিরাজগঞ্জ জিআরপি থানার ওসি বিমল কুমার চাকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারা সেদিনের ঘটনার বিস্তারিত তুলে ধরেছেন।
এছাড়াও পুলিশ কনস্টেবল শহিদ, কাযেম, তোফাজ্জল, আজিজ ও শফিকুল এবং ট্রেনের বুফেকার কর্মচারী ও পরিচারকরাও সাক্ষ্য দিয়েছেন।
সেদিন ঘটনাস্থলে দায়িত্বপালনকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হোসেন বাদি হয়ে শুক্রবার বঙ্গবন্ধু সেতু (পশ্চিম) থানায় মামলা করেছেন বলে থানার ওসি মোস্তফা হারুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। এ নিয়ে ওই ঘটনায় মামলার সংখ্যা আট-এ দাঁড়িয়েছে।
নিজে আহত হওয়ার ঘটনায় এ মামলাটি করেছেন ইউএনও। এতে আসামি করা হয়েছে অজ্ঞাতনামা ২ থেকে ৩ হাজার জনকে।
বঙ্গবন্ধু সেতু (পশ্চিম) থানার উপপরিদর্শক আসিফ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ট্রেনে আগুন লাগানো ও লুটপাটে জড়িত থাকার অভিযোগে শুক্রবার চাঁন মিয়া (৫৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
চাঁন মিয়ার বাড়ি শাহজাদপুর উপজেলা সদরের শক্তিপুর মহল্লায়। বাড়ি থেকেই তাকে গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৮৩৬ ঘ.
bdnews24