কিশোরগঞ্জ, অক্টোবর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় দুই সহোদরকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
নিহতরা হলেন মলু মিয়া (৪০) ও নুরু মিয়া (৩৫)। তারা রায়খলা গ্রামের সাহেদ আলীর ছেলে।
এ ঘটনায় জড়িত সন্দেহে মান্নান ও বোরহান নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
কটিয়াদী থানার ওসি ফরিদ উদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাত ৮টার দিকে ধুলদিয়া পুরাতন বাজার সেতুর কাছে অজ্ঞাত পরিচয় সন্ত্রাসীরা দুই ভাইয়ের উপর হামলা চালায়। সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তাদের কোপাতে থাকে। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
খবর পেয়ে কিশোরগঞ্জের পুলিশ সুপারিনটেনডেন্ট মীর রেজাউল আলমের নেতৃত্বে কটিয়াদী থানা পুলিশের একটি দল লাশ উদ্ধার করে।
মীর রেজাউল আলম বলেন, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে রায়খলা ও পাশের দেওজান গ্রামের বাসিন্দাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিলো। এর জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে।
নিহত দুজনের বিরুদ্ধে থানায় একাধিক মামলা আছে বলে পুলিশ জানায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএনএস/এইচএ/২৩৪০ ঘ.
bdnews24